নিজস্ব প্রতিবেদক
অভয়নগরে যুবকের গলায় কোপ, সংকটাপন্ন অবস্থায় ঢামেকে প্রেরণ ছবি: ধ্রুব নিউজ
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের পাঁচবাড়িয়া গ্রামে পূর্বপরিকল্পিত হামলায় বাবু (৪০) নামে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে গলায় কোপ দিয়ে গুরুতর জখম করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আহত বাবু পাঁচবাড়িয়া গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৬ জুন) রাত ১১টা ৫০ মিনিটে বাবু স্থানীয় হাফিজুরের দোকান থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। পথে যাওয়ার সময় পিছন থেকে অতর্কিত হামলা চালায় একই এলাকার নয়ন (১৯), পিতা আসাদ। অভিযোগ রয়েছে, নয়ন ধারালো অস্ত্র দিয়ে বাবুর গলায় কোপ দিলে তিনি গুরুতর রক্তাক্ত জখম হয় এবং ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন।
পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
বর্তমানে বাবুর অবস্থা সংকটাপন্ন বলে জানা যায়। হামলার পেছনের কারণ তাৎক্ষণিকভাবে জানা না গেলেও ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।