নিজস্ব প্রতিবেদক
ছবি: ভিডিও থেকে নেয়া
যশোরে আর.এস গ্রুপের চেয়ারম্যান ও ব্যবসায়ী এম.এইচ সামাদের কার্যালয়ে হামলা, লুটপাট ও হুমকির অভিযোগ করা হয়েছে স্থানীয় কতিপয় ব্যক্তি ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে। উপর্যুপরি হামলা ও হুমকির ঘটনায় ওই ব্যবসায়ী এবং তার পরিবার বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করা হয়েছে।
আজ সোমবার দুপুরে প্রেসক্লাব যশোরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আর.এস গ্রুপের কর্মকর্তারা এই অভিযোগ জানান। গ্রুপের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন জেনারেল ম্যানেজার (জিএম) মো. ফরিদউজ্জামান ফরিদ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১২ অক্টোবর ২০২৫ তারিখে স্থানীয় মিলন, মামুন ও ফাতেমার নেতৃত্বে ৬-৭ জনের একটি কিশোর গ্যাং দেশীয় অস্ত্রসহ আর.এস টাওয়ারের তৃতীয় তলায় চেয়ারম্যানের ব্যক্তিগত চেম্বারে প্রবেশ করে। তারা সেখানে ৩ লাখ টাকা চাঁদা দাবি করে এবং অফিসের কর্মীদের মারধর করে ড্রয়ার থেকে নগদ টাকা ছিনিয়ে নেয়। ওই ঘটনায় কোতোয়ালি থানায় মামলা করা হলে আসামিরা কিছুদিন আত্মগোপনে ছিল।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, গত ১৪ মে ওই আসামিরা আবারও চেয়ারম্যানের বাসভবন লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে এবং বোমা বিস্ফোরণ ঘটায়। ঘটনার সময় আসামিরা পরিবারের সদস্যদের বের হয়ে আসতে বলে বিভিন্ন ধরনের হুমকি প্রদর্শন করে। এই ঘটনায় গত ১৬ মে কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
আর.এস গ্রুপের কর্মকর্তাদের দাবি, অভিযুক্তরা সাবেক আওয়ামী লীগ সরকারের অঙ্গ সংগঠন যুবলীগের রাজনীতির সাথে জড়িত ছিল। তারা প্রভাব বিস্তার করে এবং ভুয়া তথ্য দিয়ে গত ১৭ মে একটি সংবাদ সম্মেলন করেছে। এমনকি ঘটনার দিন চেয়ারম্যানের বড় ছেলে রিপন ব্যবসায়িক কাজে দেশের বাইরে থাকলেও তাকে উদ্দেশ্যমূলকভাবে অভিযুক্ত করা হয়েছে।
সংবাদ সম্মেলনে আরএস গ্রুপের কর্মকর্তা সোহেল রানা ও কর্মকর্তা সাদিক বিন ইমরান উপস্থিত ছিলেন।