ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
সাত দিনের আল্টিমেটাম শেষে যশোরের ঝিকরগাছা বাজারের ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু করেছে উপজেলা ও পৌর প্রশাসন। ছবি: ধ্রুব নিউজ
সাত দিনের আল্টিমেটাম শেষে যশোরের ঝিকরগাছা বাজারের ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু করেছে উপজেলা ও পৌর প্রশাসন। বুধবার (২২ এপ্রিল) দুপুর ১২টার দিকে বাজারের বিভিন্ন পয়েন্টে যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ফুটপাত ও সড়কের ওপর গড়ে ওঠা অবৈধ দোকানপাট, অস্থায়ী স্থাপনা ও স্টল উচ্ছেদ করা হয়েছে। এতে দীর্ঘদিনের দখলদারিত্ব দূর হওয়ায় পথচারীদের চলাচলে স্বস্তি ফিরতে শুরু করেছে।
প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার কারণে সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তি ও নিত্যদিন যানজট সৃষ্টি হচ্ছিল। এ অবস্থায় পূর্ব ঘোষণা অনুযায়ী অবৈধ দখলদারদের স্বেচ্ছায় সরে যেতে ৭ দিনের সময়সীমা দেওয়া হয়। নির্ধারিত সময় পার হওয়ায় আজ এ অভিযান শুরু হয়।
অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাফফাত আরা সাঈদ, ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ শাহজালাল আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মো. নুরুল ইসলাম ও স্যানিটারি ইন্সপেক্টর শহীদ আলমসহ উপজেলা ও পৌর প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
এর আগে গত ১৩ এপ্রিল উপজেলা নির্বাহী অফিসার সাফফাত আরা সাঈদ বাজারের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। সে সময় তিনি ফুটপাত দখলকারীদের সতর্ক করে দ্রুত দোকান সরিয়ে নির্ধারিত স্থানে স্থানান্তরের নির্দেশ দেন এবং যানজট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছিলেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সাফফাত আরা সাঈদ বলেন, জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করে এমন কোনো কার্যক্রম বরদাস্ত করা হবে না। বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
ঝিকরগাছা বাজারের ফুটপাত দখলমুক্ত হওয়ায় প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।