নিজস্ব প্রতিবেদক
ছবি: বিজিবি
যশোর-বেনাপোল মহাসড়কে অভিযান চালিয়ে ২৪ লাখ ৪২ হাজার টাকা মূল্যের ১১৬.৬৫ গ্রাম ওজনের একটি স্বর্ণের বারসহ জালাল উদ্দিন শেখ (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২৬ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে আফিল জুট মিলের সামনের পাকা সড়ক থেকে তাকে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ ৩ হাজার ২৪০ টাকা জব্দ করা হয়।
আটক জালাল উদ্দিন শেখ পিরোজপুর জেলার জিয়ানগর থানার চর বারইখালী গ্রামের মৃত কাসেম আলী শেখের ছেলে।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়নের একটি দল যশোর-বেনাপোল মহাসড়কের আফিল জুট মিলের সামনে অভিযান চালায়। এ সময় জালাল উদ্দিনকে আটক ও তল্লাশি করে তার শরীরে বিশেষভাবে লুকানো অবস্থায় স্বর্ণের একটি বারটি পাওয়া যায়। যার মূল্য ২৪ লাখ ৪২ হাজার ৬৭ টাকা। এছাড়া জব্দ করা হয়েছে মোবাইল ফোন ও নগদ ৩ হাজার ২৪০ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে স্বর্ণের বারটি নিয়ে যাচ্ছিলেন বলে জানা গেছে।
এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বেড়েছে। এ ধরনের পাচার রোধে বিজিবির অভিযান ও তৎপরতা অব্যাহত রয়েছে। যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে স্বর্ণসহ পাচারকারীদের আটক করা হচ্ছে। সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।