Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: অনিয়ম ও বলপ্রয়োগের অভিযোগ জামায়াতের, ইসির পদক্ষেপ দাবি

ধ্রুব নিউজ ডেস্ক ধ্রুব নিউজ ডেস্ক
প্রকাশ : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর,২০২৬, ০৭:২৭ পিএম
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: অনিয়ম ও বলপ্রয়োগের অভিযোগ জামায়াতের, ইসির পদক্ষেপ দাবি

ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচন নিয়ে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াতের ব্রিফিং ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ব্যাপক অনিয়ম, অব্যবস্থাপনা, বলপ্রয়োগ এবং পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ভোটকেন্দ্রে ভোটারদের বাধা দেওয়া, এজেন্টদের বের করে দেওয়া এবং জাল ভোটের মতো গুরুতর অভিযোগ তুলে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে দলটি।

​বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি প্রেস ব্রিফিংয়ে এসব অভিযোগ তুলে ধরেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

​প্রেস ব্রিফিংয়ে দলটির শীর্ষ এই নেতা বলেন, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে শুরু থেকেই নানা অনিয়মের চিত্র দেখা যাচ্ছে। ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেওয়া এবং ভোট দেওয়ার আগেই তা সম্পন্ন হয়ে যাওয়ার মতো চাঞ্চল্যকর তথ্য তাদের হাতে এসেছে। এছাড়া ভোটারদের ভয়ভীতি প্রদর্শন, পোলিং এজেন্টদের দায়িত্ব পালনে বাধা এবং কেন্দ্রে দায়িত্বরত অনেক কর্মকর্তার পরিচয়পত্র না থাকার মতো নজিরবিহীন ঘটনাও ঘটেছে।

​নির্বাচন কমিশনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে মিয়া গোলাম পরওয়ার বলেন, নির্বাচন কমিশন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই উপনির্বাচনকে অবাধ ও শান্তিপূর্ণ দাবি করলেও গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের ভিডিও ক্লিপে সম্পূর্ণ ভিন্ন চিত্র ফুটে উঠেছে। বাস্তবতার সঙ্গে সংগতিহীন এমন দাবি সাধারণ মানুষকে কেবল বিভ্রান্তই করছে। এর আগে প্রধান নির্বাচন কমিশনারের কাছে নয় দফা লিখিত অভিযোগ ও সুনির্দিষ্ট দাবি পেশ করা হলেও কমিশনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যায়নি।

​বিশেষ করে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে একটি নির্দিষ্ট প্রার্থীর পক্ষে অবস্থান নেওয়ার সুস্পষ্ট অভিযোগ থাকা সত্ত্বেও তাকে দায়িত্ব থেকে অপসারণ না করায় চরম অসন্তোষ প্রকাশ করে জামায়াত। দলটির অভিযোগ, এক নারী ভোটার কেন্দ্রে গিয়ে জানতে পারেন তার ভোট আগেই দেওয়া হয়ে গেছে—এমন সব ভিডিও প্রমাণ প্রকাশ্যে আসলেও প্রশাসন নীরব ভূমিকা পালন করছে।

​সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য আতাউর রহমান সরকার।

​উপনির্বাচনের এই পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে জামায়াত নেতারা বলেন, একটিমাত্র উপনির্বাচনে যদি অনিয়ম রোধ করতে কার্যকর পদক্ষেপ নেওয়া না যায়, তবে আগামীতে স্থানীয় সরকার নির্বাচনগুলোর নিরপেক্ষতা নিয়ে জনগণের মনে বড় ধরনের সংকট তৈরি হবে। পরিশেষে, ভোটগ্রহণের অবশিষ্ট সময়ে সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করতে নির্বাচন কমিশন, রিটার্নিং কর্মকর্তা, জেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি কঠোর ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানিয়েছে দলটি।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)