Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

৭ নভেম্বর ছুটি ঘোষণা করে নতুন জাতীয় দিবসের পরিপত্র জারি সরকারের

ধ্রুব নিউজ ডেস্ক ধ্রুব নিউজ ডেস্ক
প্রকাশ : রবিবার, ১১ অক্টোবর,২০২৬, ০৪:১৭ পিএম
আপডেট : রবিবার, ১১ অক্টোবর,২০২৬, ০৪:২১ পিএম
৭ নভেম্বর ছুটি ঘোষণা করে নতুন জাতীয় দিবসের পরিপত্র জারি সরকারের

ছবি: বাসস

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালনের ক্ষেত্রে কৃচ্ছ্রসাধন ও শৃঙ্খলা ফেরাতে নতুন দিকনির্দেশনা জারি করেছে সরকার। নতুন নির্দেশনা অনুযায়ী ৭ নভেম্বরকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে উদযাপন করা হবে এবং ওই দিন সরকারি ছুটি থাকবে। একই সাথে সরকারি কাজের ধারাবাহিকতা রক্ষা ও অর্থ সাশ্রয়ে সীমিত পরিসরে দিবস পালনের কথা বলা হয়েছে।

​রোববার (১১ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি পরিপত্র প্রকাশ করা হয়। এর মাধ্যমে গত ১১ মার্চের পূর্ববর্তী পরিপত্রটি বাতিল করা হলো।

​মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্রে বলা হয়, মূল জাতীয় উৎসবগুলো ছাড়া অন্য যেকোনো দিবস উদযাপনে অপ্রয়োজনীয় ব্যয় ও আড়ম্বর এড়িয়ে চলতে হবে। বিশেষ করে আলোকসজ্জা, সৌন্দর্যবর্ধন কিংবা জাঁকজমকপূর্ণ সাংস্কৃতিক পরিবেশনা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উৎসবের কেন্দ্রবিন্দু হতে হবে প্রাতিষ্ঠানিক আলোচনা। এ উদ্দেশ্যে বেতার ও টেলিভিশনে বিশেষ আলোচনার পাশাপাশি ছোট পরিসরে সেমিনার ও সিম্পোজিয়াম করা যেতে পারে। তবে সাধারণ মানুষের যাতায়াত ও দৈনন্দিন জীবনে যাতে ভোগান্তি না হয়, সেজন্য কর্মদিবসে কোনো ধরনের শোভাযাত্রা বা পথসমাবেশ না করার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।

​পরিপত্রে দাপ্তরিক কাজকর্ম স্বাভাবিক রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করে বলা হয়, কোনো বিশেষ সপ্তাহ পালন করতে হলে তার সমস্ত আয়োজন সর্বোচ্চ তিন দিনের মধ্যে শেষ করতে হবে। আলোচনা সভা বা অন্যান্য সামাজিক-সাংস্কৃতিক কার্যক্রম হয় ছুটির দিনে, না হয় অফিসের নির্ধারিত সময়ের পর আয়োজন করতে হবে। তবে যেসব আয়োজনে অতিরিক্ত অর্থ বা সামগ্রীর প্রয়োজন নেই, সেগুলো কার্যদিবসেও আয়োজন করা যাবে। এছাড়া কোনো দিবসকে কেন্দ্র করে জেলা ও মফস্বল থেকে কর্মকর্তা-কর্মচারীদের অযথা রাজধানী ঢাকায় ডেকে আনার চর্চা বন্ধ করার কথা বলা হয়েছে।

​সরকারি কোষাগারের ব্যয় কমাতে একই ধরনের জাতীয় ও আন্তর্জাতিক দিবসগুলোকে আলাদাভাবে না পালন করে একই সাথে উদযাপনের আহ্বান জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এ ক্ষেত্রে আন্তর্জাতিক দিবসকে অগ্রাধিকার দিয়ে একই দিনে সমন্বিত কর্মসূচি হাতে নিতে বলা হয়েছে।

​নির্দেশনা বাস্তবায়নে কোনো জটিলতা তৈরি হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোকে প্রয়োজনীয় সারসংক্ষেপ প্রস্তুত করে মন্ত্রিসভা বৈঠকে অনুমোদনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগে পাঠাতে বলা হয়েছে। দেশের সকল মন্ত্রণালয়, সরকারি দপ্তর ও সংস্থাকে নির্দেশনাবলি কঠোরভাবে মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)