Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ৫ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

‘ক্রসফায়ারের’ নামে ১৬ বছরে সাড়ে ৪ হাজারের বেশি মানুষকে হত্যা: আইনমন্ত্রী

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : বুধবার, ৫ আগস্ট,২০২৬, ০৯:০৩ পিএম
‘ক্রসফায়ারের’ নামে ১৬ বছরে সাড়ে ৪ হাজারের বেশি মানুষকে হত্যা: আইনমন্ত্রী

রাজধানীর শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ আবৃত্তি ফেডারেশনের ত্রিবার্ষিক উৎসব ও জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আয়োজিত বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। ছবি: ধ্রুব নিউজ

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিগত ১৬ বছরে সাড়ে চার হাজারের বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে হত্যা করা হয়েছে। ৭শ’র বেশি মানুষ গুমের শিকার হয়েছেন, যাদের স্বজনরা আজও তাহাজ্জুদের নামাজ পড়ে তাদের ফেরার প্রতীক্ষায় কাঁদেন। এছাড়া কেবল বিএনপি করার অপরাধে ৬০ লাখের বেশি মানুষকে মিথ্যা ও গায়েবি মামলার আসামি করা হয়েছে। মৃত ব্যক্তি থেকে শুরু করে হজে থাকা ব্যক্তিকেও বোমাবাজি বা ডাকাতির মামলায় জড়ানো হয়েছিল।

বুধবার বিকেলে রাজধানীর শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ আবৃত্তি ফেডারেশনের ত্রিবার্ষিক উৎসব ও জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আয়োজিত বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দীর্ঘ ১৬ বছরের গুম-খুন-নিপীড়ন ও বৈষম্যের অবসান ঘটিয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে শিল্প-সংস্কৃতির মানুষদের এগিয়ে আসতে হবে।

মো. আসাদুজ্জামান বলেন, যারা জীবন দিয়েছেন, গুম হয়েছেন কিংবা মিথ্যা মামলার শিকার হয়েছেন—তাদের আত্মত্যাগের ধারাবাহিকতার মধ্য দিয়েই জুলাইয়ের গণঅভ্যুত্থান সফল হয়েছে।

ফেডারেশনের সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, আইনমন্ত্রীর সহধর্মিণী শিরিন সুলতানা ও ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আইনমন্ত্রী বলেন, ২০২৪ সালের জুলাই আন্দোলনের মাত্র ২০ দিনে রক্তক্ষয়ী সংগ্রামে অসংখ্য সাহসী মানুষ জীবন দিয়ে আমাদের নতুন করে বাঁচার ও স্বাধীনতার স্বাদ দিয়েছেন। প্রায় ৩০ হাজারের বেশি মানুষ এই আন্দোলনে হাত-পা বা চোখ হারিয়েছেন; অনেকে শরীরে বুলেটের ক্ষত নিয়ে বেঁচে আছেন। সেইসব বীর যোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা।

সারাদেশে জুলাইয়ের চেতনা ছড়িয়ে দেওয়ার জন্য আবৃত্তি ফেডারেশনের উদ্যোগের প্রসংশা করে আইনমন্ত্রী বলেন, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবিতাকে যেভাবে সংযুক্ত করা হয়েছে, তা অত্যন্ত সময়োপযোগী। এ সময় তিনি আবৃত্তি ফেডারেশনের সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার অগ্রজ মেহেদী হাসানের প্রশংসা করেন। পাশাপাশি আবৃত্তিকারদের রাজপথমুখী ও মুক্তিকামী মানুষ গড়ার কারিগর আখ্যা দিয়ে ভবিষ্যতে আবৃত্তি ফেডারেশনের যেকোনো যৌক্তিক ও গণতান্ত্রিক কর্মসূচিতে পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন আইনমন্ত্রী।

সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, আওয়ামী লীগ সরকার ছিল ফ্যাসিবাদী ও নিপীড়িত দল। তারা কখনও মানুষের ভালো চায়নি সে কারণেই তারা কোনো ইতিবাচক পদক্ষেপ নিতে পারেনি। আবৃত্তির মাধ্যমে আমাদের চিন্তা আরও বিকশিত করবে। আলোচনা শেষে আবৃত্তি প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আইনমন্ত্রী।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে আসা আবৃত্তিশিল্পী, শিশু-কিশোর ও শিল্প-সাহিত্য অনুরাগী দর্শকরা উপস্থিত ছিলেন।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)