নিজস্ব প্রতিবেদক
১০ লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রীকে মারপিটের ঘটনায় স্বামী আব্দুল গণির বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। শহরের পশ্চিম বারান্দীপাড়ার কামাল হোসেনের মেয়ে পারভীন আক্তার বাদী হয়ে এ মামলা করেছেন। আসামি আব্দুল গণি মণিরামপুর উপজেলার জালঝাড়া গ্রামের মৃত আবুল কাসেম খানের ছেলে।
মামলার অভিযোগে জানা গেছে, ১৯৯৬ সালে পারিবারিকভাবে আব্দুল গণির সাথে পারভীন আক্তারের বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাঁদের দুটি কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর পারভীন আক্তারের পিতা তাঁর জামাইকে একটি চাকরিও জুটিয়ে দিয়েছিলেন। কিন্তু চাকরি পাওয়ার পর থেকেই আসামি আব্দুল গণি স্ত্রী-সন্তানদের খোঁজখবর নেন না এবং ভরণ-পোষণ দেওয়া বন্ধ করে দেন। পাশাপাশি যৌতুকের দাবিতে পারভীন আক্তারকে দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিলেন।
গত ১৮ জুন সকাল ৯টার দিকে ব্যবসা করার অজুহাতে তিনি ১০ লাখ টাকা যৌতুকের জন্য চাপ দিতে থাকেন স্ত্রীকে। যৌতুকের টাকা দিতে রাজি না হওয়ায় পারভীন আক্তারকে এলোপাতাড়ি মারপিট ও শ্বাসরোধে হত্যার চেষ্টা করেন তাঁর স্বামী। এ সময় পারভীন আক্তারের চিৎকারে তাঁর মা মনোয়ারা বেগমসহ আরও লোকজন এগিয়ে এলে আসামি আব্দুল গণি পালিয়ে যান। পরে পারভীন আক্তার যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে থানায় এ মামলা দায়ের করেছেন।