বেনাপোল প্রতিনিধি
আজ রোববার (২১ জুন) সন্ধ্যা ৬টার দিকে বেনাপোল রেলস্টেশন এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ছবি: ধ্রুব নিউজ
যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দলীয় ঐক্য বজায় রেখে আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি ও নির্বাচনকে সামনে রেখে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও যশোর-১ আসনের বিএনপি নেতা নুরুজ্জামান লিটন। একই সঙ্গে নির্বাচনের আগে দেওয়া বিভিন্ন উন্নয়ন প্রতিশ্রুতি বাস্তবায়নের আশ্বাসও দিয়েছেন তিনি।
আজ রোববার (২১ জুন) সন্ধ্যা ৬টার দিকে বেনাপোল রেলস্টেশন এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সহসভাপতি রুহুল আমিন, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রিফাত, সহসাধারণ সম্পাদক আলমগীর হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সেলিম হোসেন আশা এবং বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান লিটন বলেন, বেনাপোল সরকারি কলেজ করার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি নাভারণ স্বাস্থ্য কমপ্লেক্স আধুনিকায়ন এবং বেনাপোলে একটি আধুনিক হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ বাস্তবায়নে কাজ করা হবে।
তিনি বলেন, নির্বাচনের সময় জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে বিএনপি কাজ করবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে জনগণের প্রত্যাশা পূরণে দল অঙ্গীকারবদ্ধ।
আগামী দিনের নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ কিংবা জাতীয় সংসদ—যে নির্বাচনই হোক, দল যাকে মনোনয়ন দেবে, তার পক্ষেই সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলীয় শৃঙ্খলা ও ঐক্যই বিএনপির সবচেয়ে বড় শক্তি।