Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ২১ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

হাইতিকে উড়িয়ে ছন্দে ফিরেছে ব্রাজিল, তবুও কাটেনি বড় পরীক্ষার সংশয়

ক্রীড়া ডেস্ক ক্রীড়া ডেস্ক
প্রকাশ : রবিবার, ২১ জুন,২০২৬, ০৫:৩৪ পিএম
হাইতিকে উড়িয়ে ছন্দে ফিরেছে ব্রাজিল, তবুও কাটেনি বড় পরীক্ষার সংশয়

ব্রাজিল দলের অন্যতম বড়ো ভরসার নাম এখন ভিনিসিয়াস জুনিয়র ছবি: এপি

হাইতির বিপক্ষে দারুণ পারফরম্যান্স দেখিয়ে বিশ্বকাপের শেষ ৩২-এর লড়াইয়ে অনেকটাই এগিয়ে গেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ফিলাডেলফিয়ায় ৩-০ গোলের বড় জয় দলটির ওপর থেকে সাময়িক চাপ কমালেও, টুর্নামেন্টের পরবর্তী রাউন্ডে শক্তিশালী প্রতিপক্ষের সামনে সেলেসাওরা কেমন করবে—সেই প্রশ্ন কিন্তু এখনো রয়ে গেছে।

এই জয়ের মাধ্যমে গ্রুপ 'সি'-এর পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে ব্রাজিল। অন্যদিকে, দীর্ঘ ৫২ বছর পর বিশ্বকাপে জায়গা করে নেওয়া হাইতির গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হয়ে গেছে।

তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ হলেও এই জয়টি কোচ কার্লো আনচেলত্তির জন্য ছিল বড় এক স্বস্তির বার্তা। মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচে ১-১ গোলে নিষ্প্রাণ ড্রয়ের পর ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। হাইতির বিপক্ষে আক্রমণভাগে দুটি পরিবর্তন এনে সফল হন এই মাস্টারমাইন্ড। ইগর থিয়াগোর পরিবর্তে মাঠে নেমে চমক দেখান ম্যানচেস্টার ইউনাইটেডের ফরোয়ার্ড মাথিয়াস কুনিয়া। ম্যাচের প্রথম দুটি গোলই আসে এই নতুন ‘নম্বর ৯’ এর পা থেকে। শুধু গোল করাই নয়, নিচে নেমে খেলা তৈরি করার ক্ষমতা দিয়ে ব্রাজিলের আক্রমণে নতুন গতি এনেছেন কু্নিয়া।

ম্যাচ শেষে ব্রাজিলের হয়ে নিজের প্রথম বিশ্বকাপ ম্যাচ জয় উদযাপন করে আত্মবিশ্বাসী আনচেলত্তি বলেন,

"আমাদের যেকোনো দলের সাথে লড়াই করার মতো মানসম্পন্ন খেলোয়াড় রয়েছে, তা প্রতিপক্ষ হাইতি হোক কিংবা ফ্রান্স।"

চলতি টুর্নামেন্টে ব্রাজিলের সবচেয়ে বড় ভরসার নাম ভিনিসিয়াস জুনিয়র। হাইতির বিপক্ষেও তিনি ছিলেন অনবদ্য। প্রথম দুটি গোলে অবদান রাখার পর দলের তৃতীয় গোলটি আসে এই ২৫ বছর বয়সী তারকার পা থেকেই। তবে দলের সব আলো এককভাবে ভিনিসিয়াসের ওপর পড়ুক, তা চান না কোচ। আনচেলত্তির স্পষ্ট কথা,

"আমরা চাই না এটি শুধু ভিনিসিয়াসের বিশ্বকাপ হোক; আমরা চাই এটি ব্রাজিলের বিশ্বকাপ হোক।"

টানা সাত ম্যাচ পর এই প্রথম কোনো গোল না খেয়ে (ক্লিন শিট) মাঠ ছেড়েছে ব্রাজিল। রক্ষণ ও আক্রমণের এই ভারসাম্য নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন কোচ। আগামী বুধবার মিয়ামিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল। এই ম্যাচটি গ্রুপ চ্যাম্পিয়ন নির্ধারণের লড়াই। আর এই গুরুত্বপূর্ণ ম্যাচেই চোট সারিয়ে দলে ফিরতে পারেন মহাতারকা নেইমার, তেমন আভাসই দিয়েছেন আনচেলত্তি।

ব্রাজিল শিবিরের একমাত্র দুশ্চিন্তা এখন উইঙ্গার রাফিনিয়ার ইনজুরি। বার্সেলোনার এই তারকা প্রথমার্ধেই হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ে মাঠ ছাড়েন। মিডফিল্ডার লুকাস পাকুয়েটা সতীর্থের ইনজুরি নিয়ে উদ্বেগ প্রকাশ করে দ্রুত আরোগ্য কামনা করেছেন। তবে রাফিনিয়া যদি স্কটল্যান্ড ম্যাচে খেলতে না পারেন, তবে ব্রাজিলের স্কোয়াডে থাকা দুই ১৯ বছর বয়সী তরুণ প্রতিভা—রায়ান এবং এনড্রিকের জন্য খুলে যেতে পারে একাদশের দরজা।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)