অভয়নগর প্রতিনিধি
নওয়াপাড়া মডেল কলেজ মাঠে মাদকবিরোধী সচেতনতা ছবি: অভয়নগর প্রতিনিধি
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৪নং ওয়ার্ডের মডেল কলেজ মাঠে গ্রামবাসীর উদ্যোগে মাদকবিরোধী সচেতনতা বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ জুন) বিকালে এ অনুষ্ঠান হয়।
সভায় সাবেক কাউন্সিলর শেখ আসাদুল্লাহ আসাদের সঞ্চালনায় এবং ATN News-এর স্টাফ রিপোর্টার নজরুল ইসলাম মল্লিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে ওসি নুরুজ্জামান বলেন, “মাদক নির্মূলে কোনো আপোষ নেই। যারা মাদকের সঙ্গে জড়িত, তাদের স্থানীয়ভাবেই প্রতিহত করতে হবে। যদি থানা পুলিশের কোনো সদস্য মাদকের সঙ্গে জড়িত থাকে, তা আমাকে সরাসরি জানাবেন। এমনকি কোনো রাজনৈতিক নেতা যদি মাদক মামলার আসামির পক্ষে তদবির করেন, তাকেও আইনের আওতায় আনা হবে।”
সভাপতির বক্তব্যে নজরুল ইসলাম মল্লিক মাদকবিরোধী অভিযান পরিচালনার লক্ষ্যে একটি কমিটি গঠনের প্রস্তাব তুলে ধরেন এবং মাদক নির্মূলে এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।
সভায় বক্তৃতাকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতা শেখ আসাদুল্লাহ আসাদ বলেন, “আজ যারা এই মাদক নির্মূলের আলোচনায় অংশ নিয়েছেন, ভবিষ্যতে যদি কাউকে অনুপস্থিত পাওয়া যায়, তবে ধরে নিতে হবে তিনি মাদককারবারিদের সঙ্গে আপোষ করেছেন।”
শেখ আলী আকবার বলেন, মাদক নির্মূলের মূল সমস্যা চিহ্নিত করতে হবে। তিনি চায়ের দোকান ও টং দোকানে কোমলমতি শিশুদের সিগারেট বিক্রি বন্ধের আহ্বান জানান এবং অভিভাবকদের নিজ নিজ সন্তানদের প্রতি নজর দেওয়ার অনুরোধ করেন।
তেঁতুলতলা জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি সরোয়ার হোসেন বলেন, “মাদক নির্মূলের আগে নিয়ন্ত্রণ জরুরি। হক ও সত্যের পক্ষে থাকতে হবে। সমাজকে আলোকিত করতে যা প্রয়োজন, তা করতেই হবে।”
এছাড়াও বক্তব্য দেন, ফিরোজ আহমেদ, রিপন, রাকিব, মোঃ হারুণ অর রশীদ, মোঃ তরিকুল ইসলাম রুবেল ও হৃদয় হাসান। এ সময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা রাজু আহমেদ, মুরাদ, জি.এম. বাচ্চু, মোঃ আসাদ প্রমুখ।