বেনাপোল (যশোর) প্রতিনিধি
শার্শায় রাস্তা নির্মাণকাজের উদ্বোধন করেন সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমান। ছবি: ধ্রুব নিউজ
যশোরের শার্শা উপজেলার শার্শা ইউনিয়নে ইউনিয়ন উন্নয়ন সহায়তা তহবিলের অর্থায়নে একটি এইচবিবি (হেরিংবোন বন্ড) রাস্তার নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটিয়ে এলাকাবাসীর যাতায়াত সহজ করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
আজ শনিবার (১৩ জুন) শার্শা ইউনিয়নের কাশিপুর সড়ক থেকে পূর্বপাড়া এলাকার রবিউল ইসলামের বাড়ি পর্যন্ত রাস্তার নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খাইরুজ্জামান মধু, শার্শা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ও চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আহমদ আলী এবং শার্শা ইউনিয়ন বিএনপির সভাপতি ওসমান আলী। এ ছাড়া স্থানীয় বিএনপি ও জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।
উদ্বোধনকালে সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমান বলেন, গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন বর্তমান সরকারের অগ্রাধিকারপ্রাপ্ত কর্মসূচিগুলোর একটি। এ রাস্তার নির্মাণকাজ শেষ হলে স্থানীয় মানুষের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগ অনেকাংশে কমে আসবে। পাশাপাশি এলাকার সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়বে।
দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থার কারণে দুর্ভোগ পোহানো স্থানীয় বাসিন্দারা নির্মাণকাজ শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন। তাদের আশা, দ্রুত কাজ শেষ হলে শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষের চলাচল আরও সহজ হবে। স্থানীয়রা এ উন্নয়ন উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।