নিজস্ব প্রতিবেদক
যশোর হাসপাতালে অন্তঃসত্ত্বার মৃত্যু নিয়ে চিকিৎসা অবহেলার অভিযোগ করা হচ্ছে। ছবি: ধ্রুব নিউজ
যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসকের অবহেলা ও ভুল চিকিৎসায় এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। মঙ্গলবার বেলা ৩টার দিকে হাসপাতালের লেবার ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত নারী পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) স্ত্রী।
নিহত রওশন আরা (৩৫) যশোর সদর উপজেলার ফরিদপুর গ্রামের বাসিন্দা এবং সিআইডির উপপরিদর্শক (এসআই) আশরাফুল আলমের স্ত্রী। এসআই আশরাফুল আলম ফরিদপুর জেলা সিআইডিতে কর্মরত রয়েছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৮টার দিকে হঠাৎ মাথা ঘুরে চেয়ার থেকে পড়ে অসুস্থ হয়ে পড়েন অন্তঃসত্ত্বা রওশন আরা। পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
স্বজনদের অভিযোগ, হাসপাতালে ভর্তির পর কর্তব্যরত চিকিৎসকদের চরম অবহেলা ও ভুল চিকিৎসার কারণে রওশন আরার অবস্থার দ্রুত অবনতি ঘটে। একপর্যায়ে বিকেল ৩টার দিকে লেবার ওয়ার্ডেই তার মৃত্যু হয়। সময়মতো সঠিক চিকিৎসা ও প্রয়োজনীয় তদারকি পেলে তাকে বাঁচানো সম্ভব হতো বলে দাবি স্বজনদের। চিকিৎসকদের গাফিলতির কারণেই এই অকাল মৃত্যু হয়েছে বলে তারা অভিযোগ করেন।
এদিকে ঘটনার পর স্বজনরা নিহতের মরদেহ বাড়িতে নিয়ে গেছেন। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।