Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ৯ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

২০২৬ বিশ্বকাপ: কবে জানা যাবে ৪৮ দলের চূড়ান্ত স্কোয়াড?

ক্রীড়া ডেস্ক ক্রীড়া ডেস্ক
প্রকাশ : শনিবার, ৯ মে,২০২৬, ০১:০২ পিএম
২০২৬ বিশ্বকাপ: কবে জানা যাবে ৪৮ দলের চূড়ান্ত স্কোয়াড?

২ জুন ফিফা আনুষ্ঠানিকভাবে ৪৮টি দেশের চূড়ান্ত স্কোয়াড বিশ্ববাসীর সামনে প্রকাশ করবে ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বের সবচেয়ে বড় মহোৎসব ‘ফিফা বিশ্বকাপ ২০২৬’ দরজায় কড়া নাড়ছে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে আগামী ১১ জুন থেকে শুরু হতে যাচ্ছে এই মেগা ইভেন্ট। দলগুলো তাদের সেরা কম্বিনেশন সাজাতে এখন ব্যস্ত। ভক্তদের মনেও কৌতূহল—মেসি, রোনালদো, এমবাপ্পে বা ইয়ামালদের পাশাপাশি নেইমার কিংবা এস্তেভাওরা কি থাকছেন নিজ নিজ দেশের স্কোয়াডে? কার আক্রমণভাগ শক্তিশালী আর কার রক্ষণ—তা জানতে উন্মুখ ফুটবলপ্রেমীরা।

তবে ৪৮টি দলের চূড়ান্ত স্কোয়াড জানতে হলে ভক্তদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। ফিফার নিয়ম অনুযায়ী, বিশ্বকাপের দল ঘোষণার বেশ কিছু ধাপ ও গুরুত্বপূর্ণ তারিখ রয়েছে। পাঠকদের জন্য তা বিস্তারিত তুলে ধরা হলো:

১১ মে: প্রাথমিক স্কোয়াড জমা দেওয়ার সময়

বিশ্বকাপ শুরুর ঠিক এক মাস আগে অর্থাৎ ১১ মের মধ্যে অংশগ্রহণকারী দেশগুলোকে তাদের প্রাথমিক তালিকা ফিফার কাছে জমা দিতে হবে।

সদস্য সংখ্যা: এই তালিকায় সর্বনিম্ন ৩৫ থেকে সর্বোচ্চ ৫৫ জন খেলোয়াড় রাখা যাবে।

গোলকিপার: তালিকায় বাধ্যতামূলকভাবে ৪ জন গোলকিপার থাকতে হবে।

প্রকাশের নিয়ম: ফিফা এই তালিকাটি জনসমক্ষে প্রকাশ করবে না। তবে কোনো দেশ চাইলে ব্যক্তিগতভাবে এটি প্রকাশ করতে পারে। মূলত টুর্নামেন্টের মূল 'পুল' হিসেবে এটি কাজ করে; চোটজনিত কারণে মূল দলে পরিবর্তন আনতে হলে এই তালিকা থেকেই খেলোয়াড় বেছে নিতে হবে।

২৫ মে: ক্লাব থেকে খেলোয়াড়দের ছুটি

বিশ্বকাপে ডাক পাওয়া খেলোয়াড়দের ক্লাবগুলো ২৫ মের মধ্যে জাতীয় দলের জন্য ছেড়ে দিতে বাধ্য। তবে উয়েফা চ্যাম্পিয়নস লিগ (৩০ মে), কনফারেন্স লিগ (২৭ মে) বা কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের (৩০ মে) ফাইনাল থাকলে, ফিফার বিশেষ অনুমতি সাপেক্ষে খেলোয়াড়রা ঐ তারিখ পর্যন্ত ক্লাবে থাকতে পারবেন।

১ জুন: চূড়ান্ত স্কোয়াড জমার শেষ দিন

১ জুনের মধ্যে দেশগুলোকে তাদের চূড়ান্ত ২৩ থেকে ২৬ সদস্যের তালিকা ফিফার কাছে পাঠাতে হবে। এই দলে অন্তত ৩ জন গোলরক্ষক থাকা আবশ্যিক। টুর্নামেন্ট শুরুর ২৪ ঘণ্টা আগেও যদি কেউ গুরুতর চোট পান, তবে প্রাথমিক তালিকায় থাকা কাউকে দিয়ে তাকে প্রতিস্থাপন করা যাবে।

২ জুন: ফিফার আনুষ্ঠানিক ঘোষণা

২ জুন ফিফা আনুষ্ঠানিকভাবে ৪৮টি দেশের চূড়ান্ত স্কোয়াড বিশ্ববাসীর সামনে প্রকাশ করবে। এর আগে কোনো দেশ তাদের স্কোয়াড ঘোষণা করলেও, ফিফার এই তালিকার মাধ্যমেই তা পূর্ণতা পাবে।

ফেবারিট দলগুলো কবে ঘোষণা করবে স্কোয়াড?

বেশ কিছু বড় দল ইতিমধ্যে তাদের দল ঘোষণার সম্ভাব্য তারিখ জানিয়ে দিয়েছে:

ফ্রান্স: গতবারের রানার্সআপরা সবার আগে অর্থাৎ ১৩ মে তাদের প্রাথমিক দল ঘোষণা করতে পারে।

ব্রাজিল: পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের স্কোয়াড জানা যেতে পারে ১৮ মে।

পর্তুগাল: ক্রিশ্চিয়ানো রোনালদোর দল পর্তুগাল দল ঘোষণা করতে পারে ১৯ মে।

জার্মানি ও ইংল্যান্ড: জার্মানি ২১ মে এবং ইংল্যান্ড ২২ মে তাদের স্কোয়াড ঘোষণা করবে।

স্পেন: লামিনে ইয়ামালের চোট নিয়ে দুশ্চিন্তায় থাকা স্পেন কোচ লুইস দে ফুয়েন্তে সম্ভবত একদম শেষ দিন পর্যন্ত অর্থাৎ ১ জুন পর্যন্ত অপেক্ষা করবেন।

আর্জেন্টিনা: বর্তমান চ্যাম্পিয়নদের দল ঘোষণার তারিখ এখনো নিশ্চিত না হলেও, ধারণা করা হচ্ছে মে মাসের শেষ সপ্তাহেই তারা চূড়ান্ত তালিকা দিয়ে দেবে।

মাঠের লড়াই শুরু হওয়ার আগেই এই দল গঠন আর কৌশলের লড়াই ফুটবল উন্মাদনাকে নিয়ে যাচ্ছে এক ভিন্ন মাত্রায়। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত কারা সুযোগ পান এই স্বপ্নের বিশ্বকাপে।

 

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)