কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
কোটচাঁদপুরে হামের টিকা কর্মসূচির উদ্বোধন। ছবি: ধ্রুব নিউজ
ঝিনাইদহের কোটচাঁদপুরে শিশুদের জীবনরক্ষাকারী ‘হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬’-এর উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এনামুল হাসান।
উদ্বোধনী বক্তব্যে ইউএনও এনামুল হাসান অভিভাবকদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলেন, “হাম ও রুবেলা অত্যন্ত ছোঁয়াচে রোগ। আপনার সন্তানকে সুস্থ ও সুরক্ষিত রাখতে সময়মতো টিকা নিশ্চিত করুন। টিকা নিন, সুস্থ রাখুন আপনার সন্তানকে।” তিনি এই কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে কাজ করার নির্দেশ দেন।
উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, এবারের ক্যাম্পেইনে কোটচাঁদপুর উপজেলায় মোট ১৩ হাজার ৬০০ শিশুকে হাম-রুবেলার টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের টিকাদান কেন্দ্রের মাধ্যমে শিশুদের এই সুরক্ষা নিশ্চিত করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, চিকিৎসকবৃন্দ, মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মী এবং স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন। প্রশাসন আশা প্রকাশ করেছে, সঠিক প্রচার ও জনসচেতনতার মাধ্যমে লক্ষ্যমাত্রার সকল শিশুকে এই কর্মসূচির আওতায় আনা সম্ভব হবে।
ধ্রুব/এস.আই