ক্রীড়া ডেস্ক
খুজাইমা তানভীর সংযুক্ত আরব আমিরাতের স্থায়ী নাগরিকত্ব প্রাপ্ত দের মধ্যে একজন ছবি: আইএলটি ২০
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ক্রিকেট ইতিহাসে এক অনন্য মাইলফলক স্পর্শ করলেন পাঁচজন ক্রিকেটার। প্রথমবারের মতো দেশটির নাগরিকত্ব বা ন্যাচারালাইজেশন সুবিধা পেলেন খুজাইমা তানভীর, অজয় কুমার, অক্ষদীপ নাথ, হারপ্রীত ভাটিয়া এবং আদীব উসমানি।
বর্তমানে নেপাল সফরে থাকা ১৭ সদস্যের আরব আমিরাত স্কোয়াডের অংশ তারা। সেখানে স্বাগতিক নেপালের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি এবং একটি ওডিআই ত্রিদেশীয় সিরিজে অংশ নেবেন এই ক্রিকেটাররা।
উল্লেখ্য যে, ২০১৮ সালে এক প্রেসিডেন্ট ডিক্রির মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতের ফুটবল, রাগবি এবং জুডোতে খেলোয়াড়দের নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া শুরু হলেও ক্রিকেটে এটিই প্রথম। এর আগে মূলত প্রবাসীরাই আইসিসির তিন বছর বসবাসের নিয়ম মেনে আরব আমিরাতের হয়ে প্রতিনিধিত্ব করতেন। তবে এখন থেকে এই পাঁচ ক্রিকেটার পাসপোর্টের সুবাদে দেশটির স্থায়ী নাগরিক হিসেবে জাতীয় দলের হয়ে মাঠে নামবেন।
নতুন এই অর্জন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ক্রিকেটাররা। অজয় কুমার সংবাদমাধ্যম ‘দ্য ন্যাশনাল’-কে বলেন: "আমি যেদিন এই দেশে পা রেখেছি, সেদিন থেকেই স্বপ্ন ছিল আন্তর্জাতিক পর্যায়ে আমিরাতকে প্রতিনিধিত্ব করার। আজ সেই সুযোগ পেয়েছি। আমাদের ঘরোয়া ও ক্লাব ক্রিকেটের অভিজ্ঞতা এই পর্যায়ে আসতে অনেক সাহায্য করেছে। ম্যানেজমেন্ট এবং ক্রিকেট বোর্ডের কাছে আমি কৃতজ্ঞ।"
অন্যদিকে, আইএলটি-টোয়েন্টি এবং আবুধাবি টি-টেন লিগে খেলা খুজাইমা তানভীর বলেন: "দেশের হয়ে খেলার সুযোগ পাওয়া যেকোনো খেলোয়াড়ের জন্য এক স্বর্গীয় অনুভূতি। দেশ আমার ওপর আস্থা রেখেছে, আমি নিজেকে ভাগ্যবান মনে করছি। গত তিন বছর ধরে আমিরাতের ঘরোয়া ক্রিকেটে খেলেছি এবং আন্তর্জাতিক তারকাদের সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করার অভিজ্ঞতা হয়েছে। এই সুযোগের জন্য আমি এমিরেটস ক্রিকেট বোর্ডের কাছে অত্যন্ত কৃতজ্ঞ।"