ক্রীড়া ডেস্ক
প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটে বল হাতে চমক দেখিয়েছে তানভীর আহমেদ। ছবি: সংগৃহীত
প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটে বল হাতে চমক দেখিয়েছে তানভীর আহমেদ। আজ শনিবার (১৮ এপ্রিল) মাগুরায় পেস আগুনে প্রতিপক্ষকে ধসিয়ে দিয়েছে তানভীর। মাগুরা সরকারি স্কুলের এই পেসার মাগুরা এ.জি. একাডেমির বিপক্ষে একাই নিয়েছেন ৮ উইকেট। দলও পেয়েছে জয়ের দেখা।
ম্যাচে ৭.২ ওভার বোলিং করে ৩৪ রানে ৮ উইকেট শিকার করে তানভীর। নবম শ্রেণির ছাত্রের বোলিংই এখনও পর্যন্ত এবারের স্কুল ক্রিকেটের সেরা বোলিং পারফরম্যান্স।
মাগুরা জেলা স্টেডিয়ামে তানভীরের গতির কাছে কোণঠাসা হয়ে পড়ে প্রতিপক্ষ। তার বোলিং তোপে ২৮.২ ওভারে ১০৩ রানে গুটিয়ে যায় এ.জি. একাডেমি। সর্বোচ্চ ২৫ রান আসে আব্দুর রহিমের ব্যাট থেকে।
বল হাতে কতটা অপ্রতিরোধ্য ছিলেন তানভীর, তা বোঝো যাবে ছোট এক তথ্যে। ৮ উইকেটের মধ্যে ৭টিই বোল্ড। একজন কেবল আউট হয়েছে ক্যাচ দিয়ে।
অল্প রান রান তাড়ায় মাগুরা সরকারি স্কুলকে খুব একটা চ্যালেঞ্জের মুখে পড়তে হয়নি। ২১.১ ওভারে ৫ উইকেট হারিয়ে গন্তব্যে পৌঁছে যায় তারা। পায় ৫ উইকেটের জয়।