নিজস্ব প্রতিবেদক
দেশব্যাপী হাম-রুবেলা সংক্রমণ প্রতিরোধে সরকারের বিশেষ উদ্যোগের অংশ হিসেবে যশোরে শুরু হয়েছে হাম-রুবেলা বিশেষ টিকাদান কর্মসূচি-২০২৬। ছবি: ধ্রুব নিউজ
দেশব্যাপী হাম-রুবেলা সংক্রমণ প্রতিরোধে সরকারের বিশেষ উদ্যোগের অংশ হিসেবে যশোরে শুরু হয়েছে হাম-রুবেলা বিশেষ টিকাদান কর্মসূচি-২০২৬। আজ রোববার (৫ এপ্রিল) সকাল ৯টায় সদর উপজেলার বিরামপুর কমিউনিটি ক্লিনিকে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির সূচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগের স্বাস্থ্য পরিচালক ডা. মো. মুজিবুর রহমান।
তিনি বলেন, “হাম ও রুবেলা অত্যন্ত সংক্রমক রোগ। শিশুদের সুরক্ষায় সময়মতো টিকা নিশ্চিত করা না গেলে বড় ধরনের ঝুঁকি তৈরি হতে পারে। তাই প্রতিটি অভিভাবককে সচেতন হয়ে সন্তানদের টিকা দিতে হবে।”
জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে এবং স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)-এর আওতায় এই বিশেষ কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
একই দিন সকাল ১১টা থেকে যশোর পৌর এলাকাতেও একযোগে টিকাদান কার্যক্রম শুরু হয়। প্রথম পর্যায়ে সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের ৬টি কেন্দ্রে টিকা প্রদান কার্যক্রম পরিচালিত হয়েছে। বিকাল ৫টা পর্যন্ত চলবে। পরবর্তী পর্যায়ে জেলার অন্যান্য ইউনিয়ন ও উপজেলাগুলোতেও এই কার্যক্রম বিস্তৃত করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, এবারের কর্মসূচিতে যশোর জেলায় প্রায় ৯০ হাজার শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুরাই এই কর্মসূচির আওতায় থাকবে। বিশেষ করে যেসব শিশু নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় আসতে পারেনি, তাদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
এদিকে, যশোরে হাম সংক্রমণের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে স্বাস্থ্য বিভাগ। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫ জন শিশু আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত মোট ১৬৩ জন সন্দেহভাজনের মধ্যে ২৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, সাধারণ নিয়ম অনুযায়ী ৯ মাস ও ১৫ মাস বয়সে দুই ডোজ টিকা দেওয়ার কথা থাকলেও, যারা আগে টিকা নিতে পারেনি তারা এখন ২৮ দিনের ব্যবধানে দুই ডোজ গ্রহণ করতে পারবে।
তারা আরও বলেন, কোনো শিশুর শরীরে জ্বর, সর্দি-কাশি বা লালচে ফুসকুড়ি দেখা দিলে তা অবহেলা না করে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে হবে। একই সঙ্গে সংক্রমণ প্রতিরোধে আক্রান্ত শিশুকে অন্তত ৫ দিন অন্যদের থেকে আলাদা রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ এবং যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু সহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জেলা স্বাস্থ্য বিভাগ অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, “আপনার সন্তানের সুরক্ষা আপনার হাতেই। নির্ধারিত টিকাকেন্দ্রে যেয়ে বিনামূল্যে টিকা গ্রহণ নিশ্চিত করুন এবং হাম-রুবেলামুক্ত যশোর গড়ে তুলতে সহযোগিতা করুন।”
ধ্রুব/এস.আই