নিজস্ব প্রতিবেদক
যশোর: যশোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ পৃথক অভিযান চালিয়ে ২ হাজার ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০ বোতল ভারতীয় কফ সিরাপসহ পাঁচজনকে আটক করেছে। এ সময় মাদক পাচারকাজে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে ডিবির এসআই বাবলা দাসের নেতৃত্বে একটি দল সদর উপজেলার পুলেরহাট এলাকার একটি পেট্রলপাম্পের সামনে অভিযান চালায়। এ সময় একটি প্রাইভেটকার তল্লাশি করে ২০০০ পিস ইয়াবা উদ্ধার এবং দুজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন—শার্শা উপজেলার পশ্চিমকোটা গ্রামের হাফিজুর রহমানের ছেলে ইয়াসিন গাজী ও আব্দুর রশিদের ছেলে আব্দুল গফফার। তাঁরা গাড়িযোগে ইয়াবাগুলো বেনাপোলের দিকে নিয়ে যাচ্ছিলেন।
অপর এক অভিযানে বুধবার রাতে এসআই আব্দুল্লাহ আল আজাদের নেতৃত্বে ডিবির আরেকটি দল শহরের শংকরপুর ছোটনের মোড় এলাকার একটি মসজিদের সামনে থেকে ৩০ পিস ইয়াবাসহ বাদশা মিয়া (৩০) নামের এক যুবককে আটক করে। তিনি শংকরপুর জমাদ্দারপাড়ার জালাল মাতুব্বরের ছেলে।
এদিকে, বুধবার বিকেলে এসআই কামালের নেতৃত্বে ঝিকরগাছা উপজেলার শংকরপুর গ্রামে অভিযান চালিয়ে শহিদুল ইসলাম নামের এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ২০ বোতল ভারতীয় উইন কোরেক্স কফ সিরাপ উদ্ধার করা হয়। আটক শহিদুল শার্শার রুদ্রপুর দক্ষিণপাড়া এলাকার মৃত জহুর আলীর ছেলে।
এছাড়া, বৃহস্পতিবার দুপুরে এসআই শেখ হাদিউজ্জামানের নেতৃত্বে অপর একটি দল শহরের চাঁচড়াবাজার এলাকার একটি ডায়াগনস্টিক সেন্টারের সামনে থেকে ১৪০ পিস ইয়াবাসহ হাসিবুর ইসলাম ফাহিমকে আটক করে। ফাহিম শহরের চোরমারা দিঘীরপাড় পশ্চিমপাড়ার মোহাম্মদ আলীর ছেলে।
আটক পাঁচজনকে বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে জেলা ডিবি পুলিশ।