বেনাপোল (যশোর) প্রতিনিধি
ছবি: ধ্রুব নিউজ
যশোরের শার্শা উপজেলায় ডেঙ্গু রোগী শনাক্তকরণ ও চিকিৎসাসেবা সহজ করতে নাভারণ স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি ভিত্তিতে পরীক্ষার উপকরণ ও চিকিৎসাসামগ্রী সরবরাহ করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) চাহিদার পরিপ্রেক্ষিতে শার্শা উপজেলা প্রশাসন ও বেনাপোল পৌরসভার পক্ষ থেকে এসব সামগ্রী দেওয়া হয়।
সরবরাহ করা সামগ্রীর মধ্যে রয়েছে ডেঙ্গু শনাক্তকরণের জন্য ১০০টি NS1 অ্যান্টিজেন কিট, ১০০টি অ্যান্টি-ডেঙ্গু IgM কিট এবং ১ হাজার পিস স্যালাইন। এসব উপকরণ ও স্যালাইন সরবরাহের ফলে ডেঙ্গু রোগী শনাক্তকরণ এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদানে স্বাস্থ্য কমপ্লেক্সের সক্ষমতা বাড়বে বলে আশা করা হচ্ছে।
এ ছাড়া প্রয়োজনীয় স্বাস্থ্যসেবার অংশ হিসেবে স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি-র্যাবিস ভ্যাকসিনও সরবরাহ করা হয়েছে। ডেঙ্গুর প্রকোপ মোকাবিলা এবং সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন ও বেনাপোল পৌরসভার এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।