নিজস্ব প্রতিবেদক
আজ বুধবার (২৮ অক্টোবর) বেলা ১১টায় প্রেসক্লাব যশোরে ১১ দলীয় ঐক্য আয়োজিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ছবি: ধ্রুব নিউজ
সরকারের কাছে উত্থাপিত সাত দফা দাবি বাস্তবায়নে অগ্রগতি না হলে জনস্বার্থে তা এক দফার আন্দোলনে রূপ নিতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসেন।
আজ বুধবার (২৮ অক্টোবর) বেলা ১১টায় প্রেসক্লাব যশোরে ১১ দলীয় ঐক্য আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। আগামী ৩১ অক্টোবর ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া রোডমার্চ সফল করার লক্ষ্যে যশোর জেলা ১১ দলীয় ঐক্য সাংবাদিকদের সঙ্গে এ সভার আয়োজন করে।
মোবারক হোসেন বলেন, "আমরা সরকারের কাজে কোনো বাধা সৃষ্টি করতে চাই না, বরং জনস্বার্থে সহযোগিতা করতে চাই। কিন্তু বিগত আট মাসে সরকারের যে পরিমাণ কাজ করার কথা ছিল, বাস্তব চিত্রে তা দেখা যাচ্ছে না। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জ্বালানি, গ্যাস ও বিদ্যুতের তীব্র সংকটে সাধারণ মানুষ আজ চরম দুর্ভোগে রয়েছে।"
তিনি আরও বলেন, ১১ দলীয় ঐক্যের উত্থাপিত সাত দফা দাবি মূলত সাধারণ মানুষের চাহিদার ভিত্তিতেই তৈরি। সরকার যদি এসব দাবি অবিলম্বে বিবেচনা না করে, তবে আগামীতে পরিস্থিতি ও জনস্বার্থের ওপর ভিত্তি করে এই আন্দোলন এক দফায় পরিণত হবে।
লংমার্চের প্রস্তুতি তুলে ধরে মোবারক হোসেন জানান, ৩১ অক্টোবর সকাল ৭টায় ঢাকার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেট থেকে উদ্বোধনী সমাবেশের মাধ্যমে লংমার্চ শুরু হবে। বহরটি বাগেরহাটের কাটাখালী মোড়, খুলনার বাবরি চত্বর ও ফুলতলা হয়ে যশোরের মুড়লীমোড়ে পথসভা করবে। পরবর্তীতে ঝিনাইদহ, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়ায় বড় সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হবে। লংমার্চ উপলক্ষে যশোরে ঐতিহাসিক জনসমাগম ঘটবে এবং সড়কের দুই পাশে হাজার হাজার মানুষ বহরটিকে স্বাগত জানাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
লংমার্চে বহরের শৃঙ্খলা বজায় রাখা এবং সাংবাদিকদের পেশাগত কাজ সহজ করতে গণমাধ্যমের গাড়িতে বিশেষ স্টিকার ব্যবহারের ব্যবস্থার কথাও জানান তিনি।
যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল এমপির সভাপতিত্বে সংবাদ সম্মেলনে এনসিপির যশোর জেলা আহ্বায়ক নুরুজ্জামানসহ ১১ দলীয় ঐক্যের জেলা পর্যায়ের শীর্ষ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
·