Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

এক দশক পর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন চীন প্রেসিডেন্ট শি চিনপিং

আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : শনিবার, ১৯ সেপ্টেম্বর,২০২৬, ০৪:২৪ পিএম
এক দশক পর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন চীন প্রেসিডেন্ট শি চিনপিং

ছবি: রয়টার্স

দীর্ঘ ১০ বছরেরও বেশি সময় পর কোনো চীনা শীর্ষ রাষ্ট্রপ্রধানের ঐতিহাসিক ওয়াশিংটন সফরকে ঘিরে বিশ্বরাজনীতিতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আগামী সপ্তাহে যুক্তরাষ্ট সফর করবেন চীনের প্রেসিডেন্ট শি চিনপিং। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার এই হাইভোল্টেজ বৈঠকে বিশ্ব অর্থনীতির দুই পরাশক্তির দ্বিপক্ষীয় সম্পর্ক ও বৈশ্বিক বাণিজ্যের নানা জটিল সমীকরণ নতুন রূপ পেতে পারে।

মার্কিন প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন, আগামী বুধবার ওয়াশিংটনের কাছে ‘জয়েন্ট বেস অ্যান্ড্রুস’ বিমানঘাঁটিতে পৌঁছাবেন চীনা প্রেসিডেন্ট। প্রথা ভেঙে নিজেই সেখানে সশরীরে উপস্থিত থেকে শি চিনপিংকে অভ্যর্থনা জানাবেন ডোনাল্ড ট্রাম্প। সাধারণত রাষ্ট্রপ্রধানদের হোয়াইট হাউসে অভ্যর্থনা জানানো মার্কিন প্রেসিডেন্টের স্বাভাবিক রীতি হলেও, ট্রাম্পের এই বিমানঘাঁটিতে যাওয়া সফরটির বিশেষ গুরুত্বকেই নির্দেশ করছে।

বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে শুরু হবে চীনা প্রেসিডেন্টের কর্মসূচি। এদিন হোয়াইট হাউসে শি চিনপিং ও তার স্ত্রী পেং লিউয়ানকে লাল গালিচা সংবর্ধনা দেবেন ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। এরপর তারা ঐতিহাসিক ‘রোজ গার্ডেন’-এ সামরিক কুচকাওয়াজ পরিদর্শন করবেন এবং দুই রাষ্ট্রপ্রধান এক দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন।

সফরটি কেন্দ্র করে শি চিনপিংয়ের সম্মানে হোয়াইট হাউসে একটি মর্যাদাপূর্ণ রাষ্ট্রীয় নৈশভোজের আয়োজন করা হয়েছে। বর্তমানে হোয়াইট হাউসের নতুন বলরুমের নির্মাণকাজ চলায় আমন্ত্রিত অতিথির সংখ্যা বেশ সীমিত রাখা হয়েছে। এ প্রসঙ্গে ট্রাম্প জানিয়েছেন, স্থানস্বল্পতার কারণে অনেক ঘনিষ্ট বন্ধুকে দাওয়াত দেওয়া সম্ভব না হলেও প্রযুক্তির শীর্ষ বিশ্বনেতাদের উপস্থিতি থাকছে নজরকাড়া। নৈশভোজের অতিথি তালিকায় স্থান পেয়েছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস, টেসলা ও স্পেসএক্সের ইলন মাস্ক, গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই, ডেল টেকনোলজিসের সিইও মাইকেল ডেল, এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং, ওপেনএআই-এর স্যাম অল্টম্যান, সিটিগ্রুপের প্রধান জেন ফ্রেজার এবং অ্যাপলের প্রাক্তন সিইও টিম কুক।

সফরের তৃতীয় দিন শুক্রবারেও রয়েছে গুরুত্বপূর্ণ কর্মসূচি। ট্রাম্প দম্পতির সঙ্গে সাক্ষাৎ শেষে মার্কিন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দলিলে সমৃদ্ধ ‘ন্যাশনাল আর্কাইভস’ ঘুরে দেখবেন শি চিনপিং। যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের প্রাক্কালে এই পরিদর্শনকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ন্যাশনাল আর্কাইভস পরিদর্শন পর্ব শেষ করেই দেশের উদ্দেশে জয়েন্ট বেস অ্যান্ড্রুস থেকে রওনা দেবেন চীনা প্রেসিডেন্ট।

রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে সবচেয়ে বেশি আলোচনা চলছে এই সফরের মধ্য দিয়ে বাণিজ্য সংঘাত কমার সম্ভাবনা নিয়ে। মার্কিন কূটনৈতিক সূত্রের তথ্যমতে, কৌশলগতভাবে স্পর্শকাতর নয়—এমন কিছু নির্দিষ্ট পণ্যের ওপর পারস্পরিক শুল্ক শিথিল করার কথা ভাবছে ওয়াশিংটন। তবে তথ্যপ্রযুক্তি, গাড়ি শিল্প ও প্রতিরক্ষা খাতের প্রাণশক্তি ‘বিরল খনিজ’ (রিয়ার আর্থ মিনারেলস)-এর বিশ্বব্যাপী সরবরাহ স্বাভাবিক রাখা নিয়ে আলোচনার টেবিল গরম থাকতে পারে। চীন যদি বিরল খনিজের বৈশ্বিক যোগান নিরবচ্ছিন্ন রাখে, তবেই যুক্তরাষ্ট্র তাদের প্রযুক্তি পণ্যের রপ্তানি নিয়ন্ত্রণ কিছুটা শিথিল করতে পারে—যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক সমঝোতার নিশ্চয়তা এখনই দিচ্ছে না মার্কিন প্রশাসন।

শি-ট্রাম্প শীর্ষ বৈঠকের সমান্তরালে নিউইয়র্কে চীনা উপপ্রধানমন্ত্রী হে লিফেং এবং মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টের মধ্যে আরেকটি উচ্চপর্যায়ের অর্থনৈতিক আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে। শনিবার থেকে শুরু হওয়া পাঁচ দিনব্যাপী এই সফরে তাদের টেবিলে বাণিজ্য সম্পর্কের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও বিরল খনিজ সরবরাহের বিষয়টি প্রাধান্য পাবে। রোববারের এই বৈঠকে যোগ দেবেন মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারও।

উল্লেখ্য, প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প ইতিপূর্বে চীন সফর করলেও, চীনা প্রেসিডেন্ট শি চিনপিং সর্বশেষ ২০১৫ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের মাটিতে রাষ্ট্রীয় সফরে এসেছিলেন, যখন হোয়াইট হাউসে ছিলেন বারাক ওবামা। দীর্ঘ এক দশক পর শি চিনপিংয়ের এই ওয়াশিংটন প্রত্যাবর্তন তাই বিশ্ব রাজনীতি ও বাণিজ্যের গতিপথ নির্ধারণে এক বিশাল মাইলফলক হতে চলেছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)