আন্তর্জাতিক ডেস্ক
'দ্য গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার' ইভেন্ট পিছিয়ে দিতে বাধ্য হয়েছে কতৃপক্ষ ছবি: ব্লুমবার্গ
যুক্তরাষ্ট্রের আড়াই শততম জন্মবার্ষিকী বা স্বাধীনতা দিবস উদযাপনের আনন্দে আক্ষরিক অর্থেই পানি ঢেলে দিয়েছে দেশজুড়ে বয়ে চলা ভয়াবহ তাপপ্রবাহ। মধ্য ও পূর্বাঞ্চলীয় এলাকাগুলোতে রেকর্ড পরিমাণ গরমের কারণে বাধ্য হয়েই স্থানীয় কর্তৃপক্ষ অসংখ্য কনসার্ট, ঐতিহ্যবাহী প্যারেড এবং আতশবাজি পোড়ানোর ইভেন্টগুলো হয় বাতিল করেছেন, নয়তো সাময়িকভাবে পিছিয়ে দিয়েছেন।
ওয়াশিংটন ডিসির 'ন্যাশনাল মল'-এ প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্যোগে আয়োজিত 'দ্য গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার' প্রচণ্ড গরমের কারণে থমকে গেছে। শুক্রবার বিকেলে তাপমাত্রা যখন ১০১ ডিগ্রি ফারেনহাইটে (৩৮ ডিগ্রি সেলসিয়াস) পৌঁছায়, তখন সাময়িকভাবে এই জমকালো ইভেন্টটি বন্ধ রাখতে বাধ্য হয় কর্তৃপক্ষ। অবশ্য আয়োজকরা জানিয়েছেন যে, দর্শনার্থীদের স্বস্তির জন্য 'কুলিং টেন্ট' (শীতল তাঁবু) এবং 'মিস্ট স্টেশন' (পানি ছিটানোর ব্যবস্থা) বসিয়ে পরিস্থিতি কিছুটা সহনীয় হলে উৎসবটি আবারও শুরু করা হবে। এর পাশাপাশি চরম আবহাওয়ার কারণে ম্যারিল্যান্ডের টাকোমা পার্কের মেলা, ফিলাডেলফিয়ার স্বাধীনতা দিবসের প্যারেড এবং ভার্জিনিয়ার লাউডন কাউন্টিসহ অন্তত সাতটি অঙ্গরাজ্যের বড় পরিসরের উৎসবগুলো পুরোপুরি বাতিল ঘোষণা করা হয়েছে।
'ন্যাশনাল ওয়েদার সার্ভিস' জানিয়েছে, চলতি সপ্তাহের প্রথম দিকে মধ্য-পশ্চিমাঞ্চলে শুরু হওয়া এই তীব্র গরম ধীরে ধীরে পূর্বাঞ্চলকে গ্রাস করেছে। এর ফলে শুক্রবার সারা দেশে প্রায় ১৮ কোটি ৫০ লাখেরও বেশি মানুষ তাপপ্রবাহের সতর্কবার্তার (হিট অ্যালার্ট) আওতায় দিন পার করেছেন। আবহাওয়াবিদদের আশঙ্কা, দেশের বেশ কয়েকটি জায়গায় থার্মোমিটারের পারদ ৪৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যেতে পারে।
এই বিপজ্জনক ও প্রাণঘাতী তাপপ্রবাহ থেকে সুরক্ষিত থাকতে সাধারণ মানুষের জন্য সরকারিভাবে বেশ কিছু জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। যারা উৎসবের ছুটিতে বাইরে ঘোরাঘুরি করছেন, পানিশূন্যতা রোধে তাদের নিয়ম করে প্রচুর পরিমাণে পানি পান করতে বলা হয়েছে। সেই সাথে সরাসরি রোদ এড়িয়ে যথাসম্ভব ছায়াযুক্ত বা শীতল স্থানে সময় কাটানোর পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া জনসমাগম বা ভিড়ের মধ্যে গরমে কেউ হঠাৎ অসুস্থ হয়ে পড়ছে কি না, সেদিকেও কড়া নজর রাখতে বলা হয়েছে।