ধ্রুব নিউজ ডেস্ক
ছবি: সংগৃহীত
করোনাভাইরাসের সাম্প্রতিক ধরন পিজে.২.১ কানাডায় প্রথম ধরা পড়ার পর থেকে চীন, যুক্তরাষ্ট্র ও স্পেনসহ অন্তত ১৮টি দেশে ছড়িয়ে পড়েছে। তবে এখন পর্যন্ত এমন কোনো তথ্য পাওয়া যায়নি যা ইঙ্গিত দেয় যে এই ভ্যারিয়েন্ট আগের ধরনগুলোর চেয়ে বেশি গুরুতর অসুস্থতা বা মৃত্যুর ঝুঁকি বাড়াতে পারে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) পিজে.২.১-কে ‘ভ্যারিয়েন্ট আন্ডার মনিটরিং’ বা পর্যবেক্ষণাধীন ধরন হিসেবে অন্তর্ভুক্ত করেছে। ওমিক্রনের শাখা জেএন.১ থেকে উদ্ভূত এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় গত ২ মে, কানাডার অন্টারিও প্রদেশে। প্রাথমিক বিশ্লেষণে এর স্পাইক প্রোটিনে সর্বোচ্চ ২৪টি অ্যামিনো অ্যাসিডের পরিবর্তন লক্ষ্য করা গেছে।
কানাডায় সংক্রমণ ধরা পড়ার পর ধাপে ধাপে যুক্তরাষ্ট্রের নানা অঙ্গরাজ্যের পাশাপাশি এশিয়া ও ইউরোপের একাধিক দেশে এর অস্তিত্ব মিলেছে। তালিকায় রয়েছে সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইসরায়েল, ফ্রান্স ও স্পেন। এর মধ্যে স্পেনের মাদ্রিদ, কাতালুনিয়া ও বাস্ক অঞ্চলে কমিউনিটি বা স্থানীয় পর্যায়ে সংক্রমণ ছড়ানোর আলামত পেয়েছেন গবেষকেরা।
ডব্লিউএইচওর তথ্য অনুযায়ী, হংকংয়ের সুয়ারেজ বা বর্জ্য পানির নমুনাতেও পিজে.২.১-এর উপস্থিতি ধরা পড়েছে। পাশাপাশি চীনের লিয়াওনিং, জিলিন, শানসি ও হেবেই প্রদেশে এই ধরন ছড়িয়ে পড়ার কথা জানিয়েছেন স্থানীয় কর্তৃপক্ষ এবং ওইসব এলাকায় কোভিড রোগী বাড়ার কথাও বলেছেন তাঁরা।
বিশেষজ্ঞরা জানান, ভাইরাসটির স্পাইক প্রোটিনে বেশ কিছু পরিবর্তন বা মিউটেশন দেখা গেছে, যার মাধ্যমে এটি মানবদেহের কোষের এসিই২ রিসেপ্টরে যুক্ত হয়ে ভেতরে প্রবেশ করে। প্রাথমিক পর্যবেক্ষণে রিসেপ্টরের সঙ্গে এর সংযুক্ত হওয়ার প্রবণতা তুলনামূলকভাবে জোরালো দেখা গেলেও, মানুষ থেকে মানুষে এটি অস্বাভাবিক দ্রুতগতিতে ছড়াচ্ছে—এমন কোনো প্রমাণ এখনো মেলেনি।
একইভাবে, টিকা কিংবা আগের সংক্রমণের ফলে গড়ে ওঠা রোগ প্রতিরোধব্যবস্থাকে এই ভ্যারিয়েন্ট সহজে ফাঁকি দিতে পারে কি না, তা নিশ্চিত করার মতো কোনো তথ্যও হাতে আসেনি। তবে ক্লিনিক্যাল পর্যায়ের তথ্য এখনো অপ্রতুল হওয়ায় সংক্রমণের গতি, অসুস্থতার মাত্রা এবং বিদ্যমান টিকার কার্যকারিতা বুঝতে আরও গভীর গবেষণার প্রয়োজন বলে মনে করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।