ধ্রুব নিউজ ডেস্ক
ছবি: সংগৃহীত
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে আগামী ২৯ ও ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর—এই তিন দিনব্যাপী সংলাপের আয়োজন করা হয়েছে। তবে নিবন্ধন স্থগিত থাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তাদের জোটসঙ্গী কয়েকটি দলকে এই আলোচনায় ডাকা হচ্ছে না।
মঙ্গলবার (২৪ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব আখতার আহমেদ গণমাধ্যমকে এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সুষ্ঠু ভোটের পরিবেশ নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোর সর্বাত্মক সহযোগিতা কামনা করা হবে। রাজনৈতিক দলগুলোর পাশাপাশি নির্বাচনের সার্বিক পরিস্থিতি ও আইনশৃঙ্খলা রক্ষার বিষয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গেও পৃথকভাবে মতবিনিময় করবে কমিশন।
ইসি সূত্রে জানা গেছে, কমিশনে বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫৯টি। এর মধ্যে ৫৫টি দলকে তিন দিনের এই ধারাবাহিক সংলাপে আমন্ত্রণ জানানোর প্রস্তুতি চলছে। নিবন্ধন স্থগিত থাকায় আওয়ামী লীগকে আমন্ত্রণপত্র পাঠানো হচ্ছে না। একইভাবে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের অন্যতম শরিক ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), তরিকত ফেডারেশন এবং সাম্যবাদী দলকেও সংলাপের তালিকার বাইরে রাখা হয়েছে।
তিন দিনের এই সংলাপের প্রথম দিন অর্থাৎ ২৯ নভেম্বর বিএনপি, জামায়াতে ইসলামী এবং জাতীয় পার্টিসহ মোট ১৯টি রাজনৈতিক দলের সঙ্গে বসবে ইসি। উল্লেখ্য, এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত সংলাপে জাতীয় পার্টিকে আমন্ত্রণ জানানো হয়নি। প্রথম দিনের আমন্ত্রিত অন্য দলগুলোর মধ্যে রয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), জাতীয় পার্টি (জেপি), কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), গণতন্ত্রী পার্টি, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), জাকের পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এবং গণফোরাম।
সংলাপের দ্বিতীয় দিন ৩০ নভেম্বর ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস ও খেলাফত মজলিসসহ ১৮টি দলকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে। এই তালিকায় আরও থাকছে গণফ্রন্ট, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ), বাংলাদেশ জাতীয় পার্টি, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ কল্যাণ পার্টি, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ), জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম), বাংলাদেশ কংগ্রেস এবং তৃণমূল বিএনপি।
শেষ দিন ১ ডিসেম্বর জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ১৮টি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় বসবে কমিশন। এদিন আমন্ত্রিত অন্য দলগুলো হলো গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, নাগরিক ঐক্য, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদ), বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম), বাংলাদেশ সুপ্রীম পার্টি (বিএসপি), আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি), বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী), জনতার দল, আমজনতার দল, বাংলাদেশ সমঅধিকার পার্টি (বিইপি) এবং বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।
এদিকে সংলাপের আমন্ত্রণের বিষয়ে জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী জানিয়েছেন, তাঁরা এখনো কমিশনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পাননি। জাতীয় সংসদ নির্বাচনের পূর্ববর্তী সংলাপেও তাঁদের ডাকা হয়নি বলে তিনি উল্লেখ করেন।
নির্বাচন কমিশনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ সাংবাদিকদের বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যেসব নিবন্ধিত দলের সঙ্গে আলোচনা হয়েছিল এবং পরবর্তীতে যেসব দল নতুন নিবন্ধন পেয়েছে, তাদের সবাইকে নিয়েই এই সংলাপ অনুষ্ঠিত হবে। একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে সরকার, রাজনৈতিক দল, প্রার্থী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত ও সমান ভূমিকা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন। পাশাপাশি প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানান তিনি।
গত ১২ অক্টোবর অনুষ্ঠিত কমিশন সভায় ইউপি নির্বাচন ও সংলাপের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১০ ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন করা হবে এবং জেলা নির্বাচন কর্মকর্তারা তফসিল ঘোষণা করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করবেন। এ ছাড়া হালনাগাদকৃত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ২৫ নভেম্বর; কেবল এই তালিকায় অন্তর্ভুক্ত ভোটাররাই আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
এবার দলীয় প্রতীকের পরিবর্তে নির্দলীয়ভাবে পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইসির ঘোষিত সময়সূচি অনুযায়ী, প্রথম ধাপে ২১ জানুয়ারি ১ হাজার ৪২টি ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এরপর দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি ১ হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল ১ হাজার ২৪টি, চতুর্থ ধাপে ১৩ মে ৮১৩টি এবং সর্বশেষ পঞ্চম ধাপে ২৭ মে ৩৮৪টি ইউনিয়ন পরিষদে নির্বাচন সম্পন্ন হবে।