বেনাপোল (যশোর) প্রতিনিধি
শার্শায় চারটি ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা। ছবি: ধ্রুব নিউজ
শার্শায় চারটি ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলার বাগআঁচড়া এলাকায় বিভিন্ন অনিয়মের অভিযোগে ওই চারটি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে এ জরিমানা করা হল।
সোমবার (২০ এপ্রিল) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ মাখদুমের নেতৃত্বে এক অভিযান পরিচালিত হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনার অংশ হিসেবে বেসরকারি স্বাস্থ্যসেবার মান যাচাইয়ে এ ঝটিকা অভিযান চালানো হয় বলে জানা গেছে।
অভিযান সূত্রে জানা যায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও স্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে জহুরা মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ও বাগআঁচড়া নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। এ ছাড়া আল-মদিনা প্রাইভেট অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এবং জনসেবা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ মাখদুম বলেন, জনস্বার্থে এবং চিকিৎসাসেবার মান নিশ্চিত করতে নিয়মিত তদারকির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠানে অসংগতি পাওয়ায় তাৎক্ষণিকভাবে অর্থদণ্ড দেওয়া হয়। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।
অভিযানকালে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডা. সুবেন্দু বিশ্বাস এবং শার্শা থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
ধ্রুব/এস.আই