ক্রীড়া ডেস্ক
ছবি: সংগৃহীত
এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্বে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। প্রথম ম্যাচে আয়োজক উজবেকিস্তানের কাছে হেরে বেশ চাপেই ছিলেন জেরার্ড জোন্সের শিষ্যরা। সেই চাপ সামলে প্রত্যাশিত জয়ে টুর্নামেন্টে টিকে থাকার যে স্বপ্ন লাল-সবুজ প্রতিনিধিরা দেখেছিল, তা বাস্তবায়িত হয়নি। তাসখন্দের দস্তলিক স্টেডিয়ামে অনুষ্ঠিত 'বি' গ্রুপের ম্যাচে শক্তিশালী সিরিয়ার কাছে ৩-০ ব্যবধানে পরাজিত হয়ে চরম অনিশ্চয়তায় পড়েছে যুবাদের ভাগ্য।
বৃহস্পতিবার ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে সিরিয়া। প্রথমার্ধের ১৭তম মিনিটে প্রথম সুযোগ তৈরি করে তারা; আব্দুল্লাহ আলনাজারের দুর্দান্ত প্লেসিং শট গোলরক্ষক রাজ চৌধুরী ক্ষিপ্রতার সঙ্গে ক্রসবারের ওপর দিয়ে বের করে দিয়ে দলকে রক্ষা করেন। তবে সিরিয়ার টানা আক্রমণের মুখে প্রথমার্ধের ৪৪তম মিনিটে বাংলাদেশ আর গোল ঠেকিয়ে রাখতে পারেনি। আলনাজারের ব্যাকপাস ধরে বক্সের বাইরে থেকে নিচু শটে জালে বল জড়ান সিরিয়ার মিডফিল্ডার আলান মামো।
প্রথম গোল হজম করার ধাক্কা সামলে ওঠার আগেই প্রথমার্ধের যোগ করা সময়ে বড় ভুল করে বসে বাংলাদেশ। ফুটবলারদের ভুল পাসের সুযোগ কাজে লাগিয়ে দূরপাল্লার নিচু শটে ব্যবধান ২-০ করেন সিরিয়ার মিডফিল্ডার মারিওসতেলুস আলহেরেক।
দ্বিতীয়ার্ধে বাংলাদেশ কিছুটা গতিশীল ফুটবল খেলার চেষ্টা করলেও সিরিয়ার রক্ষণভাগে তেমন কোন বড় ঝুঁকি তৈরি করতে পারেনি। অন্যদিকে ম্যাচের শেষদিকে সিরিয়া তাদের আক্রমণের ধার আরও বাড়িয়ে দেয়। ৭৩ ও ৮৫ মিনিটে বেশ দুটি নিশ্চিত আক্রমণ রুখে দিয়ে ব্যবধান বাড়তে দেননি বাংলাদেশের আগের ম্যাচের সেরা পারফর্মার গোলকিপার রাজ চৌধুরী।
তবে ৮৫ মিনিটের পর এক অবিশ্বাস্য গোলে জয় সুনিশ্চিত করে সিরিয়া। বক্সের বেশ খানিকটা বাইরে পাওয়া ফ্রি কিক থেকে আলনাজারের নেয়া একটি গড়ানো শট খুব বেশি গতি না থাকা সত্ত্বেও বাংলাদেশের ডিফেন্স ও গোলরক্ষককে পরাস্ত করে জালে জড়ায়। এই ৩-০ ব্যবধানের হারের পর টুর্নামেন্টে বাংলাদেশের অবস্থান একেবারে খাদের কিনারে গিয়ে পৌঁছেছে।