ক্রীড়া ডেস্ক
ফ্লোরেন্তিনো পেরেজের অধীনে রিয়াল মাদ্রিদ ১.২২১ বিলিয়ন ইউরো আয়ের রেকর্ড গড়েছে ছবি: এ আই প্রণীত
মাঠের ট্রফি ক্যাবিনেট তো বটেই, ব্যাংক ব্যালেন্সের দিক থেকেও এবার নতুন ইতিহাস লিখল রিয়াল মাদ্রিদ। সব পুরোনো হিসাব ভেঙে চুরমার করে এক একক মৌসুমে সর্বোচ্চ আয়ের বিশ্বরেকর্ড গড়েছে স্প্যানিশ ক্লাবটি। সদ্য সমাপ্ত মৌসুমে তাদের মোট আয় দাঁড়িয়েছে ১.২২১ বিলিয়ন ইউরোতে, যা বাংলা টাকায় প্রায় ১৫,৮৭৩ কোটি টাকা।
পুরো স্পোর্টস জগত খুঁজলেও রিয়ালের এই নজির দ্বিতীয়টি মিলবে না। কেবল ফুটবল নয়, গোটা খেলাধুলার ইতিহাসেই রিয়ালই প্রথম কোনো ক্লাব যা এক মৌসুমে আয়ের ক্ষেত্রে ১.২ বিলিয়ন ইউরোর এই ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করলো।
আগের মৌসুমের তুলনায় এবার রিয়ালের আয় বেড়েছে ৩.১ শতাংশ। ক্লাবটির এই অর্থনৈতিক বিপ্লবের পেছনে সবচেয়ে বড় অবদান তাদের আধুনিক প্রযুক্তিতে ঢেলে সাজানো সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়াম এবং বেশ কিছু নতুন কমার্শিয়াল ডিল ও স্পন্সরশিপ।
নতুন রূপে ফেরার পর শুধুমাত্র বার্নাব্যু স্টেডিয়াম থেকেই ক্লাবের রাজস্ব আয় আগের চেয়ে ১১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে, ক্লাবের বিপণন বা মার্কেটিং খাত থেকে আয় বেড়েছে ৬ শতাংশ।
খেলোয়াড়দের বেতন, অন্যান্য আনুষঙ্গিক পরিচালন ব্যয় এবং কর মেটানোর পর স্প্যানিশ পরাশক্তিদের নিট বা প্রকৃত লাভের পরিমাণ দাঁড়িয়েছে ২৬.৩ মিলিয়ন ইউরোতে। এর পাশাপাশি পরিচালনগত মুনাফাতেও (অপারেটিং প্রফিট) নিজেদের অতীতের সব অর্জনকে ছাপিয়ে নতুন উচ্চতায় পৌঁছে গেছে রিয়াল মাদ্রিদ।