Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ১৩ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

চুরি গেল হ্যারি কেইনদের বুট-বল!

ক্রীড়া ডেস্ক ক্রীড়া ডেস্ক
প্রকাশ : শনিবার, ১৩ জুন,২০২৬, ১১:২৭ এ এম
চুরি গেল হ্যারি কেইনদের বুট-বল!

আগামী বৃহস্পতিবার ডালাসে ক্রোয়েশিয়ার বিপক্ষে গ্রুপ ‘এল’–এর ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে ইংল্যান্ড ছবি: গেটি ইমেজেস স্পোর্ট

বিশ্বকাপের মাঠে বল গড়ানোর আগেই এক অদ্ভুত ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হলো ইংল্যান্ড ফুটবল দল। মাঠের লড়াইয়ে নামার আগেই মাঠের বাইরের এক তিক্ত অভিজ্ঞতা হজম করতে হলো থ্রি লায়নদের। যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে অফিশিয়াল অনুশীলনে নামার আগেই চুরি হয়ে গেছে অধিনায়ক হ্যারি কেইনসহ পুরো দলের ম্যাচের বুট ও ফুটবল।

ফ্লোরিডার প্রি-টুর্নামেন্ট ক্যাম্প থেকে মিসৌরির ‘সোপ সকার ভিলেজ’ প্রশিক্ষণ ক্যাম্পে দলের কিট ও অন্যান্য সরঞ্জাম পরিবহনের সময় এই চুরির ঘটনা ঘটে।

ইংলিশ সংবাদমাধ্যমগুলোর দাবি, চুরি যাওয়া মালামালের মধ্যে ফুটবলারদের ম্যাচের বুট ছাড়াও রয়েছে অফিশিয়াল টুর্নামেন্ট বল এবং অনুশীলনের যাবতীয় সরঞ্জাম। ব্রিটিশ ট্যাবলয়েড ‘ডেইলি মেইল’ তাদের প্রতিবেদনে জানিয়েছে, চুরির বিষয়টি যখন প্রথম নজরে আসে, তখন সেখানে পুরো দলের জন্য ‘মাত্র একটি ফুটবল অবশিষ্ট ছিল।’

ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে কানসাস সিটি পুলিশ ডিপার্টমেন্ট। সন্দেহভাজন হিসেবে দুজনকে আটকও করা হয়েছে। কানসাস পুলিশের একজন মুখপাত্র ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’কে জানিয়েছেন, অধিকতর তদন্তের স্বার্থে দুই সন্দেহভাজন ব্যক্তিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

এই অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। তবে চুরি যাওয়া সরঞ্জাম দ্রুত উদ্ধার করতে তারা স্থানীয় পুলিশের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে বলে জানা গেছে।

আগামী বৃহস্পতিবার ডালাসে ক্রোয়েশিয়ার বিপক্ষে গ্রুপ ‘এল’–এর ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে ইংল্যান্ড। তবে এই ঝামেলার মাঝেই আজ বিকেলে নতুন হেড কোচ টমাস টুখেলের অধীনে প্রথমবারের মতো অনুশীলনে নামার কথা রয়েছে দলটির।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)