ক্রীড়া ডেস্ক
আর্জেন্টিনার বেস ক্যাম্প ক্যানসাস সিটির কম্পাস মিনারেল ট্রেনিং সেন্টার ছবি: ফিফা
বিশ্বকাপের শ্রেষ্ঠত্ব ধরে রাখার মিশনে বর্তমানে যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে অবস্থান করছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। একই শহরে কন্ডিশনিং ক্যাম্প করছে ইংল্যান্ড দলও। তবে টুর্নামেন্ট শুরুর ঠিক আগমুহূর্তে তারকাখচিত এই শহরে ঘটে গেল এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। গত শনিবার ভোরে কানসাস সিটিতে এক ভয়াবহ গোলাগুলির ঘটনা ঘটেছে, যাতে আহত হয়েছেন অন্তত ৯ জন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিক ও দ্য ইনডিপেনডেন্টের প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় ভোর চারটার দিকে কানসাস সিটির ট্রুস্ট অ্যাভিনিউয়ে এই হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। গোলাগুলিতে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। তবে স্বস্তির খবর হলো, আহতদের কারও অবস্থাই আশঙ্কাজনক নয়।
এই ঘটনার পর স্বাভাবিকভাবেই ফুটবলারদের নিরাপত্তা নিয়ে বড় ধরনের উদ্বেগ তৈরি হয়েছে। কারণ, যেখানে হামলার ঘটনাটি ঘটেছে, সেখান থেকে মাত্র সাত কিলোমিটার দূরেই অবস্থান করছে ইংল্যান্ড দল। একই শহরে ঘাঁটি গেড়েছে লিওনেল মেসির আর্জেন্টিনাও। এছাড়া আগামী দিনগুলোতে আলজেরিয়া ও নেদারল্যান্ডস দলেরও এই কানসাস সিটিতেই ক্যাম্প করার কথা রয়েছে।
মেগা টুর্নামেন্টের মুখে এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে নড়েচড়ে বসেছে স্থানীয় প্রশাসন। বিশ্বকাপ ভেন্যু ও দলগুলোর আবাসন এলাকায় তাৎক্ষণিকভাবে নিরাপত্তা জোরদার করেছে কানসাস পুলিশ। অবশ্য পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, এই হামলার ঘটনায় এখন পর্যন্ত কোনো সন্দেহভাজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
তবে ফুটবলপ্রেমী ও দলগুলোকে আশ্বস্ত করে কানসাস সিটি কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্বকাপে অংশ নিতে আসা দলগুলোর জন্য সর্বোচ্চ ও নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুলিশ ও নিরাপত্তা সংস্থাগুলো এখন থেকেই বাড়তি সতর্ক অবস্থানে রয়েছে।