ক্রীড়া ডেস্ক
ম্যাচের অন্তিম মুহূর্তে নেইমার একটি সহজ সুযোগ মিস করলে ম্যাচ ফ্লুমিনেন্সের দিকে ঝুকে যায় ছবি: গেটি ইমেজ স্পোর্ট
সান্তোসে নেইমারের প্রত্যাবর্তনটা রাজকীয় হলেও বর্তমান পরিস্থিতি যেন এক দুঃস্বপ্ন। ফ্লুমিনেন্সের কাছে ৩-২ ব্যবধানে হারের পর নিজ ক্লাবের সমর্থকদের কাছ থেকেই দুয়ো শুনতে হয়েছে ৩৪ বছর বয়সী এই আইকনকে। ক্ষোভে ও অভিমানে কানে আঙুল দিয়ে মাঠ ছাড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন বার্তাও দিয়েছেন তিনি।
গত রবিবার সান্তোসের ঘরের মাঠ ভিলা বেলমিরোতে পরিবেশ ছিল উত্তপ্ত। ফ্লুমিনেন্সের বিপক্ষে ম্যাচের শেষ দিকে দলের বিপর্যয় মেনে নিতে পারেনি সমর্থকরা। সান্তোসের কিংবদন্তি হওয়া সত্ত্বেও সমর্থকদের হাত থেকে রেহাই পাননি নেইমার; ম্যাচ শেষে পুরো স্টেডিয়াম জুড়ে তার উদ্দেশ্যে শিস ও দুয়ো ধনি ভেসে আসে।
এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে মেজাজ হারিয়ে ফেলেন নেইমার। টানেল দিয়ে ড্রেসিংরুমে ফেরার সময় তাকে দুই কানে আঙুল দিয়ে সমর্থকদের আওয়াজ উপেক্ষা করতে দেখা যায়। পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের হতাশা ঝেড়ে তিনি লেখেন:
"আজ আমাকে কানের এক চুলকানিরও ব্যাখ্যা দিতে হচ্ছে! সত্যি বলছি, আপনারা বড্ড বেশি কঠোর হয়ে যাচ্ছেন এবং সীমা অতিক্রম করছেন... এসব সহ্য করা খুবই দুঃখজনক। কোনো মানুষই এটা মেনে নিতে পারে না।"
গত মৌসুমে সান্তোসকে রেলিগেশন থেকে বাঁচাতে বড় ভূমিকা রেখেছিলেন নেইমার। এই মৌসুমেও ব্যক্তিগত পারফরম্যান্সে তিনি পিছিয়ে নেই—৯ ম্যাচে ৪টি গোল এবং ৩টি অ্যাসিস্ট তার নামের পাশে। কিন্তু দলের সামগ্রিক পারফরম্যান্স হতাশাজনক। লিগের ১২টি ম্যাচের মধ্যে মাত্র ৩টিতে জয় পেয়েছে সান্তোস। পয়েন্ট টেবিলের ১৫ নম্বরে থাকা ক্লাবটি এখন রেলিগেশন জোন থেকে মাত্র এক পয়েন্ট দূরে দাঁড়িয়ে।
ফ্লুমিনেন্সের বিপক্ষে হার
ম্যাচটি ছিল উত্তেজনায় ঠাসা। গ্যাবিগোল এবং আলভারো বারিয়ালের গোলে সান্তোস দুইবার লিড নিলেও তা ধরে রাখতে ব্যর্থ হয়। ম্যাচের অন্তিম মুহূর্তে নেইমার একটি সহজ সুযোগ মিস করলে খেলার মোড় ঘুরে যায়। এরপর ৮৫ মিনিটে জন কেনেডির গোলে জয় নিশ্চিত করে ফ্লুমিনেন্স। অতিরিক্ত সময়ে নেইমারের একটি ব্যর্থ স্কিল প্রদর্শনও সমর্থকদের আরও ক্ষুব্ধ করে তোলে, যা তারা পরাজয়ের মুহূর্তে অপ্রয়োজনীয় বলে মনে করেছেন।
সব মিলিয়ে গত ১০ ম্যাচের মাত্র ২টিতে জয় পেয়েছে সান্তোস। দলের এই ধারাবাহিক ব্যর্থতার সব দায় যেন এখন গিয়ে পড়ছে ক্লাবের সবচেয়ে বড় তারকা নেইমারের ওপর।