ক্রীড়া ডেস্ক
১০৬ মিটারের বিশাল ছক্কা হাঁকান টিম ডেভিড ছবি: সংগৃহীত
এম চিন্নাস্বামী স্টেডিয়ামে যেন টর্নেডো বয়ে গেল! আর সেই টর্নেডোর নাম— টিম ডেভিড। আইপিএল ২০২৬-এ রবিবার চেন্নাই সুপার কিংসের (সিএসকে) বোলারদের নিয়ে রীতিমতো ছেলেখেলা করলেন এই অজি পাওয়ার-হিটার। মাত্র ১৭ বলের এক অবিশ্বাস্য স্পেলে ৮টি ছক্কা হাঁকিয়ে স্টেডিয়ামের ছাদ ফাটালেন ডেভিড, যা দেখে হতবাক খোদ ভিরাট কোহলিও।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) যখন ১০.৭০ রান রেটে এগোচ্ছিল, তখন ক্রিজে আসেন ডেভিড। অন্যপ্রান্তে রজত পতিদার তখন বিধ্বংসী মেজাজে। ডেভিড শুরুতে কিছুটা সময় নিলেও ১৭তম ওভারের দ্বিতীয় বল থেকে শুরু হয় আসল ‘ডেভিড শো’। স্কোরবোর্ডে তখন ১৬.২ ওভারে ৩ উইকেটে ১৭৪। সেখান থেকে ১৯ ওভার শেষে স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ২৩৭! অর্থাৎ মাত্র ১৬ বলে এলো ৬৩ রান। ডেভিড একাই ১৭ বলে আটটি ছক্কা ও দুটি চারের সাহায্যে স্কোরবোর্ডকে রকেটের গতিতে নিয়ে যান ২৫০-এর ঘরে।
ম্যাচের মোড় ঘুরতে পারতো ১৮তম ওভারেই। অংশুল কাম্বোজের এক দুর্দান্ত ইয়র্কারে ডেভিডের লেগ স্টাম্প ছিটকে গিয়েছিল। কাম্বোজ যখন উদযাপনে মত্ত, তখনই বেজে ওঠে সাইরেন— আম্পায়ার নো-বলের সংকেত দেন। জীবন ফিরে পেয়ে আরও ভয়ঙ্কর হয়ে ওঠেন ডেভিড। ফ্রি-হিটে ছক্কা মারার পর জ্যামি ওভারটনের এক ওভারেই তোলেন ৩০ রান (৬, ২, ৪, 6, ৬, ৬)। এর মধ্যেই ২১ বলে পূর্ণ করেন হাফ-সেঞ্চুরি। ওভারের শেষ বলটি ১০৬ মিটার দূরে স্টেডিয়ামের ছাদে আছড়ে পড়ে। গ্যালারিতে তখন উন্মাদনা, আর ডাগ-আউটে সিট ছেড়ে দাঁড়িয়ে পড়েছেন বিরাট কোহলি।
ম্যাচ শেষে নিজের এই বিধ্বংসী ব্যাটিং নিয়ে ডেভিড বলেন, "অনুশীলনের সময় আমরা ছাদের ওপর বল পাঠানোর প্রতিযোগিতা করি। ম্যাচে ঠিক মাঝ ব্যাটে বল লেগে যখন ছাদে গিয়ে পড়ল, দারুণ লেগেছে।" এই সাফল্যের পেছনে দিনেশ কার্তিকের (ডিকে) অবদানের কথা উল্লেখ করে তিনি জানান, ডিকের অভিজ্ঞতা তাকে কন্ডিশন বুঝতে অনেক সাহায্য করেছে।
পরিসংখ্যানঃ
ডেভিডের ইনিংস: ২৫ বলে অপরাজিত ৭০ রান।
ডেথ ওভারে তাণ্ডব: ইনিংসের শেষ ভাগে তিনি করেছেন ৬৮ রান, যা আইপিএল ইতিহাসে ডেথ ওভারে কোনো ব্যাটারের সর্বোচ্চ সংগ্রহ।
সিক্স-মেশিন: নিজের ৫২ ম্যাচের আইপিএল ক্যারিয়ারে চারের (৫৮) চেয়ে ছক্কাই (৬৯) বেশি মেরেছেন তিনি।
সিএসকে কোচ স্টিফেন ফ্লেমিং পরাজয় স্বীকার করে বলেন, "১৫ ওভার পর্যন্ত আমরাই এগিয়ে ছিলাম। কিন্তু শেষ ৫ ওভারে ডেভিডের ওই রকেট গতির ব্যাটিংই খেলাটা আমাদের হাত থেকে কেড়ে নিল।"
হ্যামস্ট্রিং চোট কাটিয়ে বিশ্বকাপে খুব একটা ছন্দে ছিলেন না ডেভিড। কিন্তু আইপিএলে চিন্নাস্বামীর ছাদে আছড়ে পড়া বলটিই যেন জানান দিচ্ছে— টিম ডেভিড স্বমহিমায় ফিরে এসেছেন!