Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ১১ অক্টোবর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

চট্টগ্রাম বন্দর ইজারা ও অসম চুক্তি বাতিলের দাবিতে যশোরে বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি
প্রকাশ : রবিবার, ১১ অক্টোবর,২০২৬, ০৮:২৫ পিএম
চট্টগ্রাম বন্দর ইজারা ও অসম চুক্তি বাতিলের দাবিতে যশোরে বিক্ষোভ

ছবি: ধ্রুব নিউজ

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিল, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে স্বাক্ষরিত অসম বাণিজ্য চুক্তি বাতিল এবং ঢাকায় শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশে পুলিশি হামলার বিচারের দাবিতে যশোরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেলে যশোর শহরের প্রাণকেন্দ্র দড়াটানা ভৈরব চত্বরে ‘সাম্রাজ্যবাদ ও যুদ্ধ বিরোধী জোট, যশোর’-এর উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়।

‘সাম্রাজ্যবাদ ও যুদ্ধ বিরোধী জোট’ যশোর জেলার সমন্বায়ক, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও যশোর জেলা সম্পাদক কমরেড তসলিম উর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি যশোর জেলার সভাপতি মাহবুব রহমান মঞ্জু, বাসদ যশোর জেলার সদস্য সচিব হাচিনুর রহমান এবং বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ, যশোরের সম্পাদকমণ্ডলীর সদস্য বিপুল বিশ্বাস। সমাবেশটি পরিচালনা করেন বাসদ যশোর জেলার নেতা কমরেড আলাউদ্দিন।

সমাবেশ থেকে কড়া হুঁশিয়ারি দিয়ে বক্তারা বলেন, ৭১-এর রক্তক্ষয়ী সংগ্রাম এবং ২৪-এর গণঅভ্যুত্থানের পর দেশবাসী আর কোনো বিদেশি প্রভুর দাসত্ব দেখতে রাজি নয়। সরকারের এই নতজানু নীতি ও দেশবিরোধী চক্রান্ত চলতে থাকলে কঠোর আন্দোলনের মাধ্যমে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।

বক্তারা চরম ক্ষোভ প্রকাশ করে বলেন, বর্তমান সরকার অত্যন্ত নতজানু নীতি গ্রহণ করে দেশের হৃদপিণ্ড চট্টগ্রাম টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দিচ্ছে। অপ্রয়োজনীয় বোয়িং বিমান কিনে দেশের অর্থ লোপাট করা হচ্ছে, যা ২০৩৭ সালে পাওয়া যাবে কিন্তু টাকা পরিশোধ করতে হচ্ছে এখনই। এটি ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলের সেই লুটেরা কৌশলেরই আধুনিক সংস্করণ। আমেরিকার মতো সাম্রাজ্যবাদী শক্তি যাদের বন্ধু, তাদের আর আলাদা শত্রুর প্রয়োজন নেই।

দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বক্তারা বলেন, একদিকে একদল উগ্রবাদী রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে ‘বিদেশি’ আখ্যা দিয়ে কালি লেপে দিচ্ছে, অন্যদিকে সরকার দেশের সার্বভৌম সম্পদ চট্টগ্রাম টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দিচ্ছে। দেশে আইন-শৃঙ্খলার চরম অবনতি ঘটেছে, কৃষক-শ্রমিক দিশেহারা এবং গ্যাস, তেল ও সারের চরম সংকট চলছে।

সরকার ও রাজনৈতিক দলগুলোকে সতর্ক করে বক্তারা বলেন, অবিলম্বে এসব অসম চুক্তি বাতিল না করা হলে জনগণকে সাথে নিয়ে চূড়ান্ত আন্দোলন গড়ে তোলা হবে। এ দেশের মানুষ ৭১ ও ২৪-এ রক্ত দিয়েছে স্বাধিকারের জন্য, সাম্রাজ্যবাদীদের দাসে পরিণত হওয়ার জন্য নয়। জামায়াতসহ যেসব বিরোধী শক্তি দেশ বিক্রির এসব চক্রান্ত নিয়ে নীরব ভূমিকা পালন করছে, জনগণ তাদেরও ক্ষমা করবে না।

সমাবেশ থেকে অনতিবিলম্বে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা দেওয়া বন্ধ, মার্কিনীদের সাথে স্বাক্ষরিত সকল অসম চুক্তি বাতিল এবং ঢাকায় প্রগতিশীল নেতা-কর্মীদের ওপর পুলিশি হামলার বিচারে কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানানো হয়।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)