নিজস্ব প্রতিবেদক
প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করেন সুজন কুমার শিকদার। ছবি: ধ্রুব নিউজ
যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের ওসমানপুর গ্রামে একটি পরিবারকে বসতভিটা থেকে জোরপূর্বক উচ্ছেদ, হামলা ও ঘরবাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। সোমবার (২৯ জুন) প্রেসক্লাব যশোরে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ জানান ভুক্তভোগী সুজন কুমার শিকদার। এ সময় তিনি পরিবারের নিরাপত্তা ও নিজ ভূমিতে ফেরার আকুল আবেদন জানান।
লিখিত বক্তব্যে সুজন কুমার শিকদার বলেন, তার বাবা সুবল শিকদার মৌখিক এওয়াজ বদলের মাধ্যমে প্রাপ্ত জমিতে দীর্ঘদিন ধরে বসবাস করছেন। কিছুদিন পূর্বে প্রায় ২০ লাখ টাকা ব্যয়ে চার কক্ষবিশিষ্ট একটি পাকা বাড়ি নির্মাণ করেছেন। কিন্তু গোলাম মোস্তফা নামে এক ব্যক্তি ওই জমি কিনতে চেয়ে ব্যর্থ হয়ে উচ্ছেদের ষড়যন্ত্রে নেমেছে। তাের সাথে যোগ হয়েছে শহিদুল ইসলাম, মিঠু, বিল্লালসহ আরো কয়েকজন। এর ধারাবাহিকতায় গত ২২ এপ্রিল এবং সর্বশেষ ২২ জুন একদল লোক লাঠিসোঁটা নিয়ে তাদের বাড়িতে অনধিকার প্রবেশ করে হামলা ও ভাঙচুর চালায়। তারা পরিবারের সবাইকে জোরপূর্বক বাড়ি থেকে বের করে দিয়ে তালা ঝুলিয়ে দেয়। এ সময় বাধা দিতে গেলে স্থানীয় বাসিন্দাদেরও ভয়ভীতি দেখানো হয় বলে তিনি অভিযোগ করেন।
সুজন কুমার শিকদার জানান, গত ২২ জুন থেকে তিনি তার বৃদ্ধ বাবা-মাসহ পরিবার নিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন। উপরন্তু, ঘটনা ভিন্ন খাতে মোড় নিতে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলেও সংবাদ সম্মেলনে দাবি করা হয়।
ভুক্তভোগী পরিবারটি এই অমানবিক ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং শান্তিপূর্ণভাবে নিজ বসতভিটায় বসবাসের সুযোগ করে দিতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। সংবাদ সম্মেলনে সুজন কুমারের বাবা সুবল শিকদার, মা ইছামতি শিকদার এবং স্ত্রী সুস্মিতা শিকদার উপস্থিত ছিলেন।