ধ্রুব নিউজ
পিতাকে পিটিয়ে ঘর ছাড়া করার অভিযোগে কুলাঙ্গার সন্তান মামুনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। রোববার যশোর সদরের মধ্য কচুয়া গ্রামের ভুক্তভোগী ভ্যানচালক আব্দুল জব্বার বাদি হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রহমত আলী অভিযোগটি আমলে নিয়ে আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন।
মামলার অভিযোগে জানা গেছে, আব্দুল জব্বার ব্যাটারিচালিত ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করেন। কষ্টার্জিত টাকা গচ্ছিত রেখেছিলেন তার বউমার কাছে। মামুন বিষয়টি জানতে পেরে কৌশলে স্ত্রীর কাছ থেকে গচ্ছিত ৫০ হাজার টাকা নিয়ে খরচ করে ফেলে । পরবর্তীতে আব্দুল জব্বার জানতে পেরে মামুনের কাছে টাকা ফেরত চান। এতে ক্ষিপ্ত হয়ে মামুন তার পিতাকে পিটিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। সেই থেকে আব্দুল জব্বার অসুস্থ স্ত্রীকে নিয়ে অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছেন। গত ৩ নভেম্বর দুপুর আড়াইটার দিকে মামুনের কাছে ৫০ টাকা চাইলে আব্দুল জব্বারকে আবারো মারধর করে সে । এ সময় আব্দুল জব্বারের চিৎকার শুনে আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করেন। বিষয়টি মিমাংসায় ব্যর্থ হয়ে তিনি আদালতে মামলা করেছেন।