নিজস্ব প্রতিবেদক
বৃদ্ধাকে মারধর ও টাকা লুটের অভিযোগে আদালতে মামলা ছবি:
যশোর শহরের চাঁচড়া রায়পাড়া এলাকায় এক বৃদ্ধাকে মারধর, স্বর্ণালঙ্কার ছিনতাই ও নগদ টাকা চুরির অভিযোগে পাঁচজনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।
রোববার রায়পাড়া এলাকার আলী হোসেন ইয়ারের বাড়ির ভাড়াটিয়া মৃত রেজাউল হোসেনের স্ত্রী বৃদ্ধা রানী বেগম বাদী হয়ে এ মামলা করেন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল অভিযোগের তদন্ত করে ডিবি পুলিশকে প্রতিবেদন জমা দেওয়ার আদেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী বোরহান সিদ্দিকী।
মামলার আসামিরা হলো— আরশার পেরের ভোগ গ্রামের জামান আলী কসাই, তার স্ত্রী তাসলিমা, সেলিমের স্ত্রী নার্গিস, মেয়ে সামিয়া খাতুন ও একই এলাকার শাহিনুর।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, বাদী বৃদ্ধা রানী বেগম দীর্ঘদিন ধরে শাড়ির ব্যবসা করে জীবিকা নির্বাহ করেন। আসামিরা তার আত্মীয়। পারিবারিক বিরোধের জেরে আসামিরা তাকে বিভিন্ন সময় হয়রানি ও নির্যাতন করে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ২২ মে রাতে আসামিরা সংঘবদ্ধভাবে তার বাড়িতে অনধিকার প্রবেশ করে গালিগালাজ শুরু করে। প্রতিবাদ করলে আসামিরা তাকে লোহার রড ও লাঠি দিয়ে মারধর করে গুরুতর জখম করে। একপর্যায়ে তার গলা চেপে ধরে হত্যার চেষ্টা করা হয়। এছাড়া তাকে বেঁধে রেখে শ্লীলতাহানি করা হয়। হামলার সময় আসামিরা বাদীর কানের স্বর্ণের দুল, গলায় থাকা প্রায় আট আনা ওজনের স্বর্ণের চেইন এবং ঘরে থাকা নগদ ৮০ হাজার টাকা লুটে নেয়। এ সময় রানী বেগমের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে আসামিরা প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।
বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়ে তিনি আদালতে এই মামলা দায়ের করেছেন।