ধ্রুব ডেস্ক
দুর্ঘটনা কবলিত ট্রাক ও প্রাইভেটকার ছবি: সংগৃহীত
ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা গ্যাস সিলিন্ডার ভর্তি ট্রাকে প্রাইভেটকারের ধাক্কায় নিহত হয়েছেন পাঁচজন। এ ঘটনায় আরো দুইজন গুরুতর আহত হয়েছেন। তারা ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তারা সকলেই প্রাইভেট কারের যাত্রী ছিলেন।
আজ মঙ্গলবার ভোর চারটার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মালিগ্রাম নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন– যশোর জেলার ঝিকরগাছা উপজেলার উজ্জ্বলপুর গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী নুরজাহান (৫০), নুরজাহানের ছেলে আরিফ ইসলাম (২৪) ও রাকিব (১৮), একই গ্রামের ইলিয়াস হোসেনের স্ত্রী আয়শা বেগম (২৮), ও প্রাইভেট কারচালক (২৫)। দুর্ঘটনায় আহতরা হলো আশরাফুল হোসেন (৭) ও তাছফিয়া (৩)।
ভাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ম্যানেজার আবু জাফর জানান, ঢাকা থেকে ভাঙ্গা আসার পথে গ্যাস সিলিন্ডার বোঝাই একটি ট্রাক ভাঙ্গার মালিগ্রাম নামক স্থানে দাঁড়িয়ে ছিল। ভোর ৪টার দিকে ঢাকা থেকে যশোরগামী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে প্রাইভেট কারের চালকসহ চারজন নিহত হন।
আহত হন তিনজন। আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে একজন মারা যান। জানা গেছে, আরিফ মালেশিয়া প্রবাসী ছিলেন। তিনি সোমবার রাতেই দেশে ফেরেন। তাকে বাড়িতে আনার জন্য মা, ভাইসহ অন্য স্বজনরা গিয়েছিলেন।
শিবচর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) নুর আলম বলেন, প্রাইভেটকারের চালকসহ চার জন ঘটনাস্থলেই নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর আহত আরো একজনের মৃত্যু হয়। চালক ছাড়া নিহত চারজন একই পরিবারের সদস্য বলে প্রাথমিকভাবে জানা গেছে।
আহতদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাক ও প্রাইভেটকার জব্দ করা হয়েছে। চালক প্রাইভেট কারসহ ট্রাকের পেছনে আটকে ছিল। পরবর্তীতে প্রাইভেট কারটি কিছু অংশ কেটে চালককের লাশ উদ্ধার করা হয়।