নিজস্ব প্রতিবেদক
চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়নের বাড়ীয়ালী যুব পাঠাগারের উদ্যোগে পাঠচক্র, আবৃত্তি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ছবি: ধ্রুব নিউজ
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে যশোরের চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়নের বাড়ীয়ালী যুব পাঠাগারের উদ্যোগে পাঠচক্র, আবৃত্তি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে পাঠাগার মিলনায়তনে আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে স্থানীয় শিক্ষক, সংগঠক ও তরুণ পাঠকরা অংশ নেন।
পাঠাগারের সভাপতি রওশন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পাঠাগারের সম্পাদক হারুন অর রশিদ মন্টু।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাশাপোল আম-জামতলা মডেল কলেজের বাংলা বিভাগের প্রভাষক মাহামুদুর রহমান। তিনি বলেন, নজরুল শুধু বিদ্রোহের কবি নন, তিনি প্রেম, সাম্য ও মানবতার কবি। পরাধীনতার শৃঙ্খল ভাঙার পাশাপাশি তিনি ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষকে ভালোবাসার মন্ত্র শিখিয়েছেন। তরুণ প্রজন্মকে নজরুলের অসাম্প্রদায়িক চেতনা ও দ্রোহের দীপ্তি বুকে ধারণ করতে হবে। বর্তমান সময়ে সাম্যবাদী সমাজ গঠনে নজরুল চর্চা আরও বেশি প্রাসঙ্গিক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাজড়ীয়ালী হাউলী মাধ্যমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক আব্দুল্লাহ আল মামুন, ইসলামি ব্যাংক পাশাপোল আউটলেট শাখার ব্যবস্থাপক জুবায়ের হোসেন, পাঠাগারের প্রতিষ্ঠাতা সদস্য নুরুল ইসলাম ও পাঠাগারের গ্রন্থাগারিক হাবিবুর রহমান।
বক্তারা বলেন, গ্রামীণ জনপদে নজরুলকে নিয়ে এমন আয়োজন তরুণদের মনন বিকাশে অনন্য ভূমিকা রাখবে। নজরুলের সাহিত্যকর্ম পাঠের মাধ্যমে যুবসমাজ অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে শিখবে। তারা বাড়ীয়ালী যুব পাঠাগারের নিয়মিত এই পাঠচক্রের প্রশংসা করেন এবং এর ধারাবাহিকতা অব্যাহত রাখার আহ্বান জানান।
আলোচনা পর্ব শেষে এক মনোজ্ঞ আবৃত্তি আসর অনুষ্ঠিত হয়। এতে পাঠাগারের সদস্য ও স্থানীয় শিক্ষার্থীরা নজরুলের ‘বিদ্রোহী’, ‘মানুষ’, ‘কান্ডারী হুঁশিয়ার’ ও ‘নারী’সহ বিভিন্ন বিখ্যাত কবিতা আবৃত্তি করে শোনান। ক্ষুদে আবৃত্তিকারদের চমৎকার পরিবেশনা উপস্থিত সবাইকে মুগ্ধ করে। এরপর পাঠচক্রে কবির ‘সঞ্চিতা’ ও ‘অগ্নিবীণা’ কাব্যগ্রন্থ থেকে নির্বাচিত কবিতা ও গানের পটভূমি নিয়ে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় করা হয়।
সভাপতির বক্তব্যে রওশন আলী বলেন, বাড়ীয়ালী যুব পাঠাগার শুধু বই ধার দেওয়ার জায়গা নয়, এটি একটি সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনের কেন্দ্র। আমরা চাই, আমাদের ছেলেমেয়েরা মোবাইলের আসক্তি ছেড়ে বই ও মননশীল চর্চায় ফিরে আসুক। নজরুলের জন্মবার্ষিকীর এই আয়োজন আমাদের সেই প্রয়াসেরই অংশ।
তিনি আরও জানান, গ্রামের তরুণদের জ্ঞানচর্চায় সম্পৃক্ত করার লক্ষ্যে পাঠাগারের পক্ষ থেকে নিয়মিত পাঠচক্র, বিতর্ক, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে।
অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, অভিভাবকসহ বিপুল সংখ্যক শিক্ষার্থী ও সাহিত্যপ্রেমী উপস্থিত ছিলেন।