❒ উন্নয়ন প্রশ্নে সম্মিলিত কণ্ঠে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক
যশোরকে আধুনিক পর্যটন নগরী ও ইপিজেড থানার দাবিতে মানববন্ধন। ছবি: ধ্রুব নিউজ
যশোরকে একটি আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা এবং বসুন্দিয়াকে ‘ইপিজেড থানা’ ঘোষণার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । প্রধানমন্ত্রীর সম্ভব্য যশোর সফরকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার দুপুরে যশোর প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। উন্নয়নের এসব দাবি নিয়ে সম্মিলিত কণ্ঠ রাজপথে নেমেছে।
স্থানীয় সামাজিক ও অরাজনৈতিক সংগঠনগুলোর এই সম্মিলিত মানববন্ধনে যশোরের দীর্ঘদিনের বঞ্চনা ও আগামীর প্রত্যাশার চিত্র ফুটে ওঠে।
মানববন্ধনে বক্তারা যশোরের সামগ্রিক রূপান্তরের লক্ষ্যে বেশ কিছু সুনির্দিষ্ট দাবি পেশ করেন। যার মধ্যে প্রধান দাবিগুলো হলো ; যশোর মহাসড়ককে ছয় লেনে উন্নীত করা এবং যশোর বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর , শিল্পায়নের গতি বাড়াতে বসুন্দিয়াকে পৃথক 'ইপিজেড থানা' হিসেবে ঘোষণা করা যশোরকে আনুষ্ঠানিকভাবে ‘পর্যটন নগরী’র স্বীকৃতি দেওয়া এবং শিশুদের জন্য আধুনিক শিশু পার্ক নির্মাণ ও আন্তর্জাতিক মানের একটি ক্রিকেট স্টেডিয়াম স্থাপন।
‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা), ‘স্থানীয় প্রতিকার ও সচেতন নাগরিক সমাজ’ এবং ‘জাতীয় তরুণ সংঘ’ যশোর জেলা শাখার যৌথ আয়োজনে এই কর্মসূচি পালন করা হয় । মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন তরুণ সংঘের যশোর জেলা শাখার সভাপতি এড. আবু মুরাদ, মতিউর রহমান চাকলাদার, নুরুজ্জামান এবং লতা মাহমুদ হাসানসহ প্রমুখ ।
মানববন্ধনে প্রধানমন্ত্রী যশোরের এই যৌক্তিক দাবিগুলো বিবেচনায় নিয়ে দ্রুত বাস্তবায়নের পদক্ষেপ নেবেন বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
ধ্রুব/এস.আই