Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৯০তম জন্মবার্ষিকী আজ

মোহাম্মদ হানজালা, শার্শা মোহাম্মদ হানজালা, শার্শা
প্রকাশ : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি,২০২৬, ০৯:১০ এ এম
আপডেট : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি,২০২৬, ১২:১৫ পিএম
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৯০তম জন্মবার্ষিকী আজ

শার্শা উপজেলার কাশিপুর সীমান্তের মাটিতে চিরনিদ্রায় শায়িত এই বীরের স্মৃতিকে অমর করে রাখতে নির্মিত হয়েছে সৌধ ছবি: ধ্রুব নিউজ

রক্তঝরা একাত্তরের রণাঙ্গনে সাহসিকতার অনন্য ইতিহাস গড়েছিলেন যিনি, সেই বীর সেনানী বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের আজ ৯০তম জন্মবার্ষিকী। ১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি নড়াইল জেলার মহিষখোলা গ্রামে (বর্তমানে নূর মোহাম্মদ নগর) এক সাধারণ কৃষক পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এই অকুতোভয় যোদ্ধা। আজ গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হচ্ছে সেই মানুষটিকে, যার আত্মত্যাগ ছাড়া আমাদের মানচিত্র পূর্ণতা পেত না।

পিতা আমানত শেখ ও মাতা জেনাতুন নেছার কোল আলো করে আসা নূর মোহাম্মদ শৈশব থেকেই ছিলেন ডানপিটে ও দেশপ্রেমিক। ১৯৫৯ সালে তৎকালীন ইস্ট পাকিস্তান রাইফেলসে (ইপিআর, বর্তমানে বিজিবি) যোগদানের মাধ্যমে তার সৈনিক জীবনের শুরু। ১৯৭১ সালের উত্তাল মার্চে যখন পাক হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়ে, তখন তিনি আর বসে থাকতে পারেননি। নিজের ইউনিফর্মের প্রতি আনুগত্য নয়, বরং মাতৃভূমির প্রতি টানকে বড় করে দেখে তিনি যোগ দেন ৮ নম্বর সেক্টরের অধীনে যশোর সীমান্তে।

সেপ্টেম্বরের সেই রক্তক্ষয়ী দিনটির কথা আজও ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা। ৫ সেপ্টেম্বর ১৯৭১; যশোরের গোয়ালহাটি এলাকায় পাকিস্তানি বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে অবতীর্ণ হন নূর মোহাম্মদ ও তার সাথীরা। এক পর্যায়ে সহযোদ্ধা সিপাহী নান্নু মিয়া আহত হলে তাকে বাঁচাতে গিয়ে নূর মোহাম্মদ নিজেও গুরুতর আঘাত পান। নিজের জীবনের মায়া ত্যাগ করে মেশিনগান হাতে শত্রুকে ঠেকিয়ে রেখে সহযোদ্ধাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার সুযোগ করে দেন তিনি। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত অসীম সাহসের সাথে লড়াই চালিয়ে গিয়ে তিনি প্রমাণ করেছিলেন—দেশপ্রেমের কাছে জীবনের মূল্য তুচ্ছ।

যশোরের শার্শা উপজেলার কাশিপুর সীমান্তের মাটিতে চিরনিদ্রায় শায়িত এই বীরের স্মৃতিকে অমর করে রাখতে নির্মিত হয়েছে সৌধ। আজ তার জন্মভিটা নড়াইল এবং অন্তিম শয়ানের স্থান শার্শায় বিজিবি ও প্রশাসনের পক্ষ থেকে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল ও আলোচনা সভার মধ্য দিয়ে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হচ্ছে তার বীরত্বগাথা।

আমাদের স্বাধীনতা যে রক্তঋণে কেনা, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ সেই ঋণের এক উজ্জ্বল সাক্ষী। জাতি আজ সশ্রদ্ধ চিত্তে তাকে বলছে—'তোমাদের এ ঋণ কোনোদিন শোধ হবার নয়'।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)