ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
জুম্মার নামাজের পর জনতার সাথে মিশে যান সংসদ সদস্য ডা, মসলেহ উদ্দিন ফরিদ ছবি: ধ্রুব নিউজ
ধর্মীয় রীতিনীতি পালন আর সাধারণ মানুষের সুখ-দুঃখের সাথী হতে জুম্মার নামাজের পর মুসল্লি ও ক্ষতিগ্রস্ত কৃষকদের সাথে মিশে গেলেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) পবিত্র মাহে রমজানের প্রথম জুমায় ঝিকরগাছা কেন্দ্রীয় জামে মসজিদে নামাজ আদায় ও অনুদান প্রদানের পাশাপাশি তিনি এক ক্ষতিগ্রস্ত কৃষকের বাড়িতে গিয়ে সমবেদনা জানান।
জুম্মার নামাজের আগে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এক সংক্ষিপ্ত আলোচনা সভায় এমপি ফরিদ মুসল্লিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি মসজিদের উন্নয়নকাজে ৫০ হাজার টাকা অনুদান প্রদানের ঘোষণা দেন।
বক্তব্যে তিনি বলেন, পবিত্র রমজান আত্মশুদ্ধি ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার মাস। মসজিদভিত্তিক সামাজিক ও ধর্মীয় কার্যক্রমকে আরও সমৃদ্ধ করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ঝিকরগাছা কেন্দ্রীয় জামে মসজিদ এলাকার ধর্মীয় ও সামাজিক ঐক্যের কেন্দ্র, এর উন্নয়নে আমার সহযোগিতা সব সময় অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলীম, যশোর জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাওলানা আরশাদুল আলম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদীনসহ জামায়াত-শিবিরের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
নামাজ শেষে প্রটোকল ভেঙে সাধারণ মানুষের সাথে মিশে যান ডা. মোসলেহ উদ্দিন ফরিদ। বিকেল ৩টার দিকে তিনি পানিসারা ইউনিয়নের বর্নি (সরদার পাড়া) গ্রামে দুর্বৃত্তদের হাতে ক্ষতিগ্রস্ত কৃষক মোহর আলীর বাড়িতে যান। গত বুধবার রাতে দুর্বৃত্তরা ওই কৃষকের ২.৫ বিঘা জমির শসা ক্ষেত কেটে নষ্ট করে দেয়, যাতে প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়।
এমপি ফরিদ নিজে শসা ক্ষেত পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত কৃষকের খোঁজখবর নিয়ে তাকে তাৎক্ষণিক আর্থিক সহায়তা প্রদান করেন। তিনি ওই কৃষককে আশ্বস্ত করে বলেন, বিপদে আমি আপনাদের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব।