নিজস্স প্রতিবেদক
ছবি: প্রতীকী
যশোর: যশোর সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোসলেম তরফদার (৫০) নামে এক বাইসাইকেল আরোহী কৃষক নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছেন, যার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
আজ সোমবার (২৬ জানুয়ারি) দুপুর ১টার দিকে যশোর সদর উপজেলার ইছালী ইউনিয়নের হাশিমপুর মাঠপাড়া এলাকার পাকা সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মোসলেম তরফদার হাশিমপুর গ্রামের মৃত গফুর তরফদারের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোসলেম তরফদার মাঠের কাজ শেষ করে বাইসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। পথে হাশিমপুর মাঠপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী মোটরসাইকেলের সাথে তাঁর বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে বাইসাইকেল আরোহী মোসলেম তরফদার এবং মোটরসাইকেল চালক তাসিন (২১) উভয়েই ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাসিন কাইতখালি গ্রামের রফিকুল ইসলামের ছেলে। স্থানীয়রা দ্রুত তাঁদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মোসলেম তরফদারকে মৃত ঘোষণা করেন।
এদিকে, মোটরসাইকেল চালক তাসিনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানোর পরামর্শ দেন।
দুর্ঘটনার পর নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হাসপাতাল থেকে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।