ধ্রুব নিউজ
চৌগাছায় এক সংবর্ধনা অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নবনিযুক্ত মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। ছবি: ধ্রুব নিউজ
স্বচ্ছতা ও সততার মেলবন্ধনেই একটি দায়িত্বশীল ও জবাবদিহিমূলক সমাজ গড়ে ওঠে। বর্তমান সময়ে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষাপটে দায়িত্ব পালনে সততা ও স্বচ্ছতার বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। আর এই কাজটি করতে পারলে দুর্নীতি মুক্ত ও উন্নয়নশীল একটি রাষ্ট্র গঠন করা সম্ভব হবে। সেই সাথে দেশের স্বার্থে স্বচ্ছতা ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে।
সোমবার (১৩ এপ্রিল) যশোরের চৌগাছায় এক সংবর্ধনা অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নবনিযুক্ত মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এসব কথা বলেন। চৌগাছা উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম।
প্রধান অতিথির বক্তৃতায় তিনি আরও বলেন, আলহামদুলিল্লাহ, দেশের একটা যুগসন্ধিক্ষণে আমার দুর্বল স্কন্ধে (কাঁধে) বিশাল দায়িত্ব পড়েছে। আমি আমার সাধ্যমতো সেটার ভার বহনের চেষ্টা করবো ইনশাআল্লাহ। অতীতে যেভাবে কাজ করেছি, সেভাবেই কাজ করবো। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দীন ফরিদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আসেক হাসান, মন্ত্রিপরিষদ সচিবের একান্ত সেক্রেটারি মাহাবুবুর রহমান মিলন, খুলনা বিভাগীয় তথ্য কর্মকর্তা এ এস এম কবির, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জালাল উদ্দীন, চৌগাছা উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম, উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোরশেদ, সেক্রেটারি অধ্যাপক নুরুজ্জামান আল মামুন, সহকারী সেক্রেটারি ও সাবেক প্যানেল মেয়র মাষ্টার কামাল আহমেদ বিশ্বাস, প্রেসক্লাব চৌগাছার সভাপতি অধ্যক্ষ আবু জাফর, উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা, কর্মচারীসহ গণ্যমান্য সুধিজনেরা।
বিশেষ অতিথির বক্তৃতায় ডা. মোসলেহ উদ্দীন ফরিদ বলেন, যারা আমাকে ভোট দিয়েছে এবং যারা দেয়নি আমি সকলের এমপি। সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্য করে তিনি বলেন, আমি এবং আমার দল দুর্নীতি করব না। কেউ দুর্নীতি করলে তাকেও ছাড় দেওয়া হবেনা।
আলোচনা শেষে দরিদ্র নারীদের মধ্যে সেলাই মেশিন, শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
ধ্রুব/এস.আই