নিজস্ব প্রতিবেদক
যশোরে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে ছবি: ধ্রুব নিউজ
যশোরে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে শহরের দড়াটানা ঈদগাহ মোড়ে এই কর্মসূচির আয়োজন করে যশোর জেলা ১১ দলীয় জোট।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল এমপি। অংশ নেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর সিদ্দিক, সরকারি এম এম কলেজের সাবেক ভিপি আব্দুল কাদের, এনসিপির জেলা মূখ্য সমন্বয়ক নুরুজ্জামান, জামায়াতের সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস, দফতর সম্পাদক নূর আলী নুল মামুন, শিক্ষা সংস্কৃতি সম্পাদক অধ্যাপক আবুল হাশিম রেজা, শহর জামায়াতের আমির ইসমাইল হোসেনসহ ১১ দলীয় জোটের স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ভৈরব চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, জনগনের মতামতের প্রতিফলন ঘটাতে গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে। গণতান্ত্রিক অধিকার রক্ষায় এবং জনগণের আকাঙ্ক্ষা পূরণে রাজপথে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন জোটের নেতারা।
কর্মসূচিতে জেলা ১১ দলীয় জোটের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ সমর্থকরা অংশ নেন। ব্যানার হাতে নিয়ে তারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাদের দাবি তুলে ধরেন।