নিজস্ব প্রতিবেদক
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত শনিবার যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ৫০০ শয্যা বিশিষ্ট নতুন ভবনের উদ্বোধনী স্থান পরিদর্শন করেন। ছবি: ধ্রুব নিউজ
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান-এর যশোর সফর কেবল আনুষ্ঠানিকতা নয়; বরং এটি জেলার উন্নয়ন অগ্রযাত্রায় নতুন দিগন্তের সূচনা করবে। তিনি বলেন, দীর্ঘদিন ধরে যশোরে যে উন্নয়ন কার্যক্রম প্রত্যাশিত গতিতে এগোয়নি, প্রধানমন্ত্রীর এ সফরের মধ্য দিয়ে তা পুনরায় গতিশীল হয়ে উঠবে এবং জেলার সামগ্রিক উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে।
শনিবার যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ৫০০ শয্যা বিশিষ্ট নতুন ভবনের উদ্বোধনী স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি আরও জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর সময় খনন করা শার্শা উপজেলার ঐতিহ্যবাহী উলাশী খাল পুনঃখননের লক্ষ্যে আগামী ২৭ তারিখ প্রধানমন্ত্রী যশোর সফরে আসছেন। এ উদ্যোগকে তিনি যশোরবাসীর জন্য একটি বড় সুসংবাদ হিসেবে উল্লেখ করেন।
প্রতিমন্ত্রী বলেন, নির্ধারিত সফরসূচি অনুযায়ী প্রধানমন্ত্রী যশোর বিমানবন্দরে পৌঁছে সরাসরি শার্শার উলাশী খাল এলাকায় যাবেন এবং পুনঃখনন কাজের উদ্বোধন করবেন। এরপর তিনি শহরে ফিরে এসে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-র হাতে প্রতিষ্ঠিত যশোর মেডিকেল কলেজের ৫০০ শয্যা হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। পাশাপাশি সময় সাপেক্ষে তিনি যশোর পাবলিক লাইব্রেরি পরিদর্শন করবেন এবং একটি বৃহৎ জনসভায় অংশ নেবেন। জনসভা শেষে প্রধানমন্ত্রীর যশোর ত্যাগ করার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে ইতোমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, কালেক্টরেট সভাকক্ষে সংশ্লিষ্ট দফতর প্রধানদের নিয়ে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)-এর সদস্যরাও উপস্থিত ছিলেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় জ্বালানি তেলের বর্তমান পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, এটি একটি বৈশ্বিক সংকট, যার প্রভাব বাংলাদেশেও পড়েছে। তবে সরকার জনগণের ভোগান্তি কমাতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। বিশেষ করে চলমান সেচ মৌসুমে কৃষকদের স্বার্থ রক্ষায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হচ্ছে, যাতে উৎপাদনে কোনো ধরনের বিঘ্ন না ঘটে।
পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী শার্শা উপজেলার উলাশী খাল পুনঃখনন প্রকল্প এলাকা সরেজমিনে ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। তিনি আশা প্রকাশ করেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা নিরসন হবে, কৃষি উৎপাদন বাড়বে এবং স্থানীয় অর্থনীতিতে নতুন প্রাণচাঞ্চল্য সৃষ্টি হবে।
ধ্রুব/এস.আই