Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ১৪ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

সোশ্যাল মিডিয়ায় হাজার বন্ধু, তবু কেন একাকী ?

নাজমুছ ছায়াদাত নাজমুছ ছায়াদাত
প্রকাশ : শনিবার, ১৩ জুন,২০২৬, ০৫:১০ পিএম
আপডেট : শনিবার, ১৩ জুন,২০২৬, ০৯:৩৭ পিএম
সোশ্যাল মিডিয়ায় হাজার বন্ধু, তবু কেন একাকী ?

 একটা কথা প্রায়ই বলা হয়—

The greatest irony of the digital age is being connected to everyone but attached to no one.

"  ডিজিটাল যুগের সবচেয়ে বড় পরিহাস হলো আমরা সবার সাথে সংযুক্ত, কিন্তু কারও সাথেই আমাদের গভীর আত্মিক টান বা আন্তরিক বন্ধন নেই।" — আধুনিক ডিজিটাল জীবনের এ এক নির্মম বাস্তবতা।

একসময় মানুষের সম্পর্ক গড়ে উঠত মুখোমুখি কথোপকথনে, একসঙ্গে সময় কাটানোর মাধ্যমে, সুখ-দুঃখ ভাগাভাগি করার মধ্য দিয়ে। আজ প্রযুক্তির কল্যাণে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে মুহূর্তেই যোগাযোগ করা সম্ভব। আমাদের বন্ধু তালিকায় শত শত, কখনো হাজার হাজার মানুষ। প্রতিদিন অসংখ্য লাইক, কমেন্ট, শেয়ার এবং ইনবক্সে কথোপকথন চলে। তবুও প্রশ্ন রয়ে যায়—সোশ্যাল মিডিয়ায় এত বন্ধু থাকার পরও কেন মানুষ আগের চেয়ে বেশি একাকী অনুভব করছে?

সোশ্যাল মিডিয়া আমাদের যোগাযোগের সুযোগ বাড়িয়েছে, কিন্তু সব যোগাযোগ সম্পর্ক নয়। সোশ্যাল মিডিয়ার সবচেয়ে বড় বৈপরীত্য হলো—এটি আমাদের সংযুক্ত করে, কিন্তু সবসময় সম্পর্কিত করে না। একটি পোস্টে হাজার লাইক পাওয়া যেতে পারে, কিন্তু মন খারাপ হলে ক'জন সত্যিকারের মানুষ পাশে এসে বসবে?

Social media gives us contact, not always real connection.

 "সোশ্যাল মিডিয়া আমাদের কেবল যোগাযোগের সুযোগ এনে দেয়, কিন্তু সবসময় প্রকৃত মানবিক বন্ধন তৈরি করতে পারে না।"

একজন মানুষের টাইমলাইনে হাজার বন্ধু থাকতে পারে, কিন্তু বাস্তব জীবনের দুঃখ, ভয়, ব্যর্থতা কিংবা নীরব কান্না ভাগ করে নেওয়ার মতো মানুষ হয়তো একজনও নেই। কারণ ভার্চুয়াল জগতে আমরা প্রায়ই নিজেদের সেরা সংস্করণটি তুলে ধরি; সেখানে মুখোশ থাকে, কিন্তু মনের গভীরতা সবসময় প্রকাশ পায় না। দুর্ভাগ্যজনক হলেও সত্য, আজ অনেক মানুষের শত শত অনলাইন বন্ধু আছে, কিন্তু জরুরি মুহূর্তে ফোন করার মতো একজন মানুষও নেই। কারণ বন্ধুত্বের সংখ্যা বেড়েছে, কিন্তু গভীরতা কমেছে।

We are more connected than ever, yet many feel more alone than ever.

"আমরা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি সংযুক্ত, তবুও অনেকেই আগের চেয়ে বেশি একাকী অনুভব করি।"

সোশ্যাল মিডিয়ায় অন্যের সাফল্য, সুখময় মুহূর্ত কিংবা বিলাসী জীবন দেখে অনেকেই নিজের জীবনকে তুলনা করতে শুরু করে। ফলে জন্ম নেয় হীনমন্যতা, অসন্তুষ্টি এবং মানসিক দূরত্ব। আমরা অন্যের জীবনের হাইলাইটস দেখি, কিন্তু নিজের জীবনের পর্দার আড়ালের বাস্তবতার সঙ্গে তার তুলনা করি।

মানুষ আসলে তথ্য নয়—চায় সম্পর্ক, বোঝাপড়া, সহানুভূতি, স্পর্শ, উপস্থিতি। সত্যিকারের সম্পর্ক চায়, মনোযোগ চায়, ত্যাগ চায়। আর সত্যিকারের সম্পর্ক গড়ে ওঠে বিশ্বাস, সহমর্মিতা, আন্তরিক উপস্থিতি, দীর্ঘ আলাপচারিতা, পারস্পরিক শ্রদ্ধা এবং কঠিন সময়ে পাশে থাকার মাধ্যমে। এগুলো কোনো Algorithm (অ্যালগরিদম) এর মাধ্যমে তৈরি করা যায় না। একটি Emoji (ইমোজি) কখনোই একটি আন্তরিক আলিঙ্গনের বিকল্প হতে পারে না। একটি Like (লাইক) হয়তো মুহূর্তের আনন্দ দিতে পারে; কিন্তু কঠিন সময়ে কাঁধে হাত রেখে দাঁড়ানোর বিকল্প হতে পারে না। মানুষের মন শুধু তথ্য বিনিময় চায় না; চায় অনুভূতির আদান-প্রদান, চায় বোঝাপড়া, চায় safe haven বা নিরাপদ আশ্রয়।

বর্তমান সময়ে আরেকটি বড় সমস্যা হলো "ডিজিটাল উপস্থিতি" এবং "বাস্তব উপস্থিতি"-র পার্থক্য। আমরা প্রায়ই দেখি ঘরে বা বাইরে ৫/৭ জন একসাথে বসে আছে। সবার হাতেই স্মার্ট ফোন। দেহগুলো সব পাশাপাশি; কিন্তু মনগুলো সব দূরে। সবাই স্ক্রিনে যার যার জগত নিয়ে আছে। মাথা নিচু, আঙুল চলছে বিরামহীন। পাশে বসা মানুষটার সাথে কোনো কথা তো দূরে থাক, তার দিকে তাকানোরও ফুরসত নেই। আর তাকাবেই বা কার দিকে—সবারই তো একই অবস্থা! কী আশ্চর্য! পাশাপাশি বসে থাকা মানুষগুলো একে অপরের চেয়ে দূরের কোনো অনলাইন পরিচিত মানুষের সঙ্গে বেশি সময় কাটায়। সুতরাং বলা যায়—

Being surrounded by people doesn't always mean you're not lonely.

"অনেক মানুষের মাঝে বা চারপাশ ঘিরে লোক থাকার মানেই এই নয় যে আপনি একাকী নন।"

সোশ্যাল মিডিয়া আমাদের আরেকটি অদৃশ্য ফাঁদে ফেলে—স্বীকৃতির নেশা। একটি পোস্টে কত লাইক এল, কে কমেন্ট করল, কে দেখল—এসব ধীরে ধীরে আত্মমূল্যায়নের মাপকাঠি হয়ে দাঁড়ায়। অথচ মানুষের মূল্য কখনোই ডিজিটাল প্রতিক্রিয়ার সংখ্যায় নির্ধারিত হয় না।

True friendship is measured by presence, not by followers.

" প্রকৃত বন্ধুত্ব পরিমাপ করা হয় পারস্পরিক সান্নিধ্য ও উপস্থিতি দিয়ে, অনুসারী বা ফলোয়ারদের সংখ্যা দিয়ে নয়।"

তবে সোশ্যাল মিডিয়াকে এককভাবে দায়ী করাও ঠিক হবে না। এটি একটি মাধ্যম মাত্র। আমরা কীভাবে এটি ব্যবহার করছি, সেটিই আসল প্রশ্ন। যদি আমরা বাস্তব সম্পর্কের বিকল্প হিসেবে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করি, তবে একাকীত্ব বাড়বে। কিন্তু যদি এটি বাস্তব সম্পর্ককে শক্তিশালী করার একটি মাধ্যম হিসেবে ব্যবহার করি, তবে এটি আশীর্বাদও হতে পারে।

তাই প্রয়োজন মাঝে মাঝে স্ক্রিন থেকে চোখ তুলে চারপাশের মানুষগুলোর দিকে তাকানো। প্রয়োজন একটি আন্তরিক ফোনকল, একটি দীর্ঘ আড্ডা, পরিবারের সঙ্গে কিছু নিরবচ্ছিন্ন সময়, কিংবা কোনো বন্ধুর খোঁজ নেওয়া। প্রযুক্তি আমাদের যোগাযোগ সহজ করেছে, কিন্তু সম্পর্কের গভীরতা তৈরি করতে হলে প্রয়োজন সময়, বিশ্বাস ও আন্তরিকতা। তাই ভার্চুয়াল জগতের পাশাপাশি বাস্তব সম্পর্কগুলোকেও গুরুত্ব দিতে হবে। পরিবার, বন্ধু এবং প্রিয়জনদের সঙ্গে সরাসরি সময় কাটানো মানসিক সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রকৃত কথা—আমাদের জীবনের সবচেয়ে বড় প্রয়োজন বেশি বেশি ফলোয়ার নয়, বরং এমন একজন মানুষ—যার কাছে আমরা মুখোশ ছাড়াই নিজেদের তুলে ধরতে পারি। কারণ হাজার বন্ধু নয়, একজন সত্যিকারের বন্ধু-ই অনেক সময় একাকীত্বের বিরুদ্ধে সবচেয়ে বড় আশ্রয়।

পরিশেষে বলা যায়, সোশ্যাল মিডিয়ায় হাজার বন্ধু থাকা মানেই একাকীত্ব দূর হওয়া নয়। প্রকৃত সুখ ও মানসিক প্রশান্তি আসে অর্থবহ সম্পর্ক, আন্তরিক কথোপকথন এবং মানুষের সত্যিকারের সান্নিধ্য থেকে। তাই সংখ্যার পেছনে নয়, সম্পর্কের গভীরতার পেছনে ছুটতে শিখতে হবে।

 লেখক: ব্যাংকার

 

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)