ধ্রুব নিউজ ডেস্ক
সরদার মো. সাখাওয়াত হোসেন ছবি: সংগৃহীত
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের হৃদ্যন্ত্রে সফলভাবে দুটি রিং (স্টেন্ট) পরানো হয়েছে। রোববার (১৫ নভেম্বর) বিকেলে রাজধানীর একটি স্বনামধন্য হাসপাতালে তাঁর হৃদ্যন্ত্রের ব্লক দূর করতে এই জরুরি চিকিৎসা সম্পন্ন হয়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা পবন চৌধুরী সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, এর আগে গত শনিবার একই হাসপাতালে মন্ত্রীর এনজিওগ্রাম করা হয়। এনজিওগ্রাম রিপোর্টের মাধ্যমে তাঁর হৃদ্যন্ত্রে তিনটি স্থানে জটিল ব্লক ধরা পড়ে। পরবর্তীতে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ ও সিদ্ধান্ত অনুযায়ী আজ রোববারে তাঁর দুটি ব্লকে রিং পরানো হয়। এছাড়া অপর ব্লকটির চিকিৎসায় বেলুনের মাধ্যমে রক্তনালি প্রসারিত করার পদ্ধতি বা ‘ডায়ালেশন’ সম্পন্ন করা হয়েছে।
প্রখ্যাত চিকিৎসক প্রফেসর ডা. এন এ এম মোমেনুজ্জামানের নেতৃত্বে অভিজ্ঞ কার্ডিওলজিস্টদের একটি বিশেষ মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে এই চিকিৎসা কার্যক্রম অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়।
তথ্য ও জনসংযোগ কর্মকর্তা পবন চৌধুরী আরও জানান, মন্ত্রীর ব্যক্তিগত ইচ্ছায় এবং দেশের চিকিৎসাব্যবস্থার ওপর পূর্ণ আস্থার কারণে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ থাকা সত্ত্বেও তিনি দেশেই চিকিৎসা গ্রহণের ঐতিহাসিক ও দেশপ্রেমিক সিদ্ধান্ত নেন। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে সুস্থ আছেন এবং দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।