ধ্রুব নিউজ ডেস্ক
ছবি: সংগৃহীত
রাজধানীর ৩০০ ফিট এলাকার পুলিশ অফিসার্স হাউজিং সোসাইটিতে পুলিশ সদরদপ্তরের এক অতিরিক্ত ডিআইজির মালিকানাধীন ভাড়া বাসায় অভিযান চালিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। ‘এয়ারবিএনবি’র মাধ্যমে বুকিং নিয়ে চলা এই বিলাসবহুল আস্তানায় দীর্ঘদিন ধরে ডিজে পার্টির নামে মাদক সেবন ও অসামাজিক কার্যকলাপ চলে আসছিল। গত সোমবার রাতের এই অভিযানে আইস ও ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য এবং বেশ কয়েকটি গাড়ি জব্দ করা হয়। এ সময় ২৬ জন নারীসহ মোট ৮৪ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মঙ্গলবার বিকেলে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম এই অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।
ডিবি সূত্র জানায়, পুলিশ সদরদপ্তরের রিপেয়ার অ্যান্ড মেইনটেনেন্স শাখার অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহিরের ৩০০ ফিট এলাকার পুলিশ অফিসার্স হাউজিং সোসাইটি–১ এ একটি প্লট রয়েছে। ওই প্লটে নির্মিত পাঁচটি কক্ষ অনলাইন প্ল্যাটফর্ম ‘এয়ারবিএনবি’-তে ভাড়ার জন্য তালিকাভুক্ত করা হয়েছিল। মূলত ওয়েবসাইটটির মাধ্যমেই উঠতি বয়সী তরুণ-তরুণী ও আগ্রহী ব্যক্তিরা ফ্ল্যাটগুলো বুকিং করতেন। সেখানে নিয়মিতভাবে ডিজে পার্টি আয়োজন করা হতো এবং মাদকের আসর বসানো হতো বলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে গোয়েন্দা পুলিশ।
প্রাপ্ত তথ্যের সত্যতা যাচাইয়ের পর সোমবার রাতে আকস্মিক অভিযান চালায় ডিবি টিম। অভিযানের সময় ঘটনাস্থল থেকে আইস, সিসা, ইয়াবা, মদ, গাঁজা এবং কুশসহ বিভিন্ন ধরনের নিষিদ্ধ মাদক উদ্ধার করা হয়। এছাড়া মাদক সেবন ও অসামাজিক কার্যকলাপের নানা আলামতসহ বেশ কিছু গাড়িও জব্দ করা হয়। এ সময় পুরো ফ্ল্যাট পরিচালনার দায়িত্বে থাকা মাহবুব নামক এক ব্যক্তিসহ মোট ৮৪ জনকে আটক করা হয়, যাদের মধ্যে ২৬ জন নারী রয়েছেন।
বাসাটিতে অবৈধ কর্মকাণ্ড ও আটকের বিষয়ে অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহির সংবাদমাধ্যমকে জানান, ফ্ল্যাটটি সোমবার একটি জন্মদিনের পার্টির জন্য ভাড়া দেওয়া হয়েছিল। নিয়ম অনুযায়ী যারা বাসা ভাড়া নেন, তাদের স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয় সেখানে কী করা যাবে এবং কী করা যাবে না; এমনকি নিয়মভঙ্গের জন্য এক লাখ টাকা জরিমানার বিধানও রয়েছে। তিনি আরও দাবি করেন, ভাড়া নেওয়া ব্যক্তিরাই নিয়ম ভঙ্গ করে এসব কর্মকাণ্ড চালিয়েছেন এবং এর সঙ্গে তিনি বা তাঁর পরিবারের কেউ সম্পৃক্ত নন।