নিজস্ব প্রতিবেদক
ছবি: ধ্রুব নিউজ
যশোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক দুটি অভিযানে ৫৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) রাত ও সকালে যশোর সদর উপজেলার পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাত ১২টা ৫ মিনিটে এসআই মো. কামাল হোসেনের নেতৃত্বে ডিবির একটি দল কোতয়ালী মডেল থানাধীন ৪ নম্বর নওয়াপাড়া ইউনিয়নের বাহাদুরপুর মেহগুনিতলা এলাকায় অভিযান চালায়। এ সময় একটি চায়ের দোকানের সামনে পাকা রাস্তা থেকে ৫০ পিস ইয়াবাসহ মো. বনি আমিন (৩০)-কে আটক করা হয়। তিনি কাশিমপুর পশ্চিমপাড়া এলাকার মো. মোজাহার আলীর ছেলে।
অপরদিকে, সকাল ৮টা ৪৫ মিনিটে এসআই রকি মন্ডলের নেতৃত্বে ডিবির অপর একটি দল চাঁচড়া থেকে কোর্ট মোড়গামী সড়কের পাশে রোজা স্টিল অ্যান্ড ফার্নিচারের সামনে অভিযান চালায়। সেখান থেকে ৫০০ পিস ইয়াবাসহ মো. আলমগীর শেখ (৪৫)-কে আটক করা হয়। তিনি মন্ডলগাতি এলাকার মৃত জালাল শেখের ছেলে।
ডিবি পুলিশ জানায়, আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।