ক্রীড়া ডেস্ক
ছবি: রয়টার্স
বিশ্বকাপের মঞ্চে আবারও লিওনেল মেসির রাজকীয় প্রত্যাবর্তন! বয়স ৩৮ হলেও মাঠের পারফরম্যান্সে তার কোনো ছাপ নেই। নিজের ষষ্ঠ বিশ্বকাপে মাঠে নেমেই অনন্য এক হ্যাটট্রিকে সমালোচকদের সব সংশয় উড়িয়ে দিলেন এই আর্জেন্টাইন।
গ্রুপ 'জে'-এর এই ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে নামার সাথে সাথেই ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ছয়টি বিশ্বকাপে অংশ নেওয়ার রেকর্ড গড়েন মেসি। পাশাপাশি এটি ছিল দেশের জার্সিতে তার ২০০তম ম্যাচ। ম্যাচটিতে হ্যাটট্রিক করে তিনি স্পর্শ করেছেন জার্মানির মিরোস্লাভ ক্লোসার অল-টাইম ওয়ার্ল্ড কাপ স্কোরিং রেকর্ড (১৬ গোল)। একই সাথে ফুটবল ইতিহাসের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে হ্যাটট্রিক করার গৌরব অর্জন করলেন তিনি। কাকতালীয়ভাবে, ঠিক ২০ বছর আগে এই দিনেই বিশ্বকাপে নিজের প্রথম গোলটি করেছিলেন এলএমটেন।
ম্যাচ শেষে পোস্ট ম্যাচ ইন্টারভিউ-তে মেসিকে উপস্থাপক জিজ্ঞেস করেন, “মিরোস্লাভ ক্লোসার রেকর্ডে ভাগ বসিয়ে তার কেমন লাগছে?” উত্তরে মেসি তার স্বভাবসুলভ সরলতা বজায় রেখে বলেন "তাঁদের সাথে একই পর্যায়ে প্রতিযোগীতা করাটাই আমার জন্য অনেক সম্মানের। রোনালদো নাজারিও-কে আমার ভীষণ পছন্দ, আমার দেখা অন্যতম সেরা খেলোয়াড় সে।"
ম্যাচ শেষে মেসির প্রশংসায় মেতে ওঠেন সতীর্থ ম্যাক অ্যালিস্টার। তিনি বলেন:
"লিও-কে ছাড়া এই দল ভালো খেলবে—যারা এমনটা ভেবেছিলেন, আজ তাদের ভুল ভেঙে গেছে। লিও আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় এবং তাকে ঘিরেই আমাদের দল সাজাতে হবে।"
প্রতিপক্ষ ডিফেন্ডার আইসা মান্দিও মেসির কার্যকারিতা স্বীকার করে বলেন, "সে হয়তো ইতিহাসের সেরা খেলোয়াড়। সুযোগ পেলেই ও গোল করে। আমরা ওকে আটকানোর সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু লাভ হয়নি।"
আগামী সোমবার টেক্সাসের আর্লিংটনে আর্জেন্টিনার পরবর্তী প্রতিপক্ষ অস্ট্রিয়া। অস্ট্রিয়ার বিপক্ষে হয়তো নতুন কোন রেকর্ডের পাতায় নিজের নাম লেখাবেন সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসি।